275735

এবার লায়লা হয়ে আসছেন আঁখি আলমগীর

দেশ ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ব্যস্ত থাকলেও ভোলেন না শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিতে। তার নতুন গান মানেই নতুন রূপে ভিডিওতে হাজির হওয়া। অতীতের সব রূপকে পেছনে ফেলে এবার সম্পূর্ণ নতুন লুকে হাজির হচ্ছেন এই শিল্পী। ‘ল্যায়লা’ শিরোনামের একটি গানে দেখা যাবে তাকে। প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণ করেছে কলকাতার টিভিওয়ালা মিডিয়া। আর ভিডিওটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ। নাচে গানে ভরপুর ‘ল্যায়লা’তে আঁখি আলমগীর যেন ফিরে গিয়েছেন তার সেই ষোড়শী তে।

আঁখি আলমগীর বলেন, ‘দীর্ঘ একটা বিরতি ছিলো মাঝে। কোন নতুন গান প্রকাশ করি নি। অনেকদিন পর আমি আমার নিজের একক গান ছাড়ছি। অনেক প্ল্যান আর আয়োজন করে এই ভিডিওটি তৈরি করেছি। তবে আমার অন্য গানগুলো থেকে ‘ল্যায়লা’ গানে আমার আবেদনটা একটু ভিন্নই। সম্পূর্ণ নতুন রূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে। তাই এই গান ও ভিডিও দুটিই শ্রোতাদের কাছে দারুণ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। গানের সঙ্গে নাচ একটা বাড়তি পাওয়া। আমি সেটাই করেছি।’

প্রাণ আপের পৃষ্ঠপোষকতায় গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। আগামী বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে বলে জানা যায়। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

ad

পাঠকের মতামত