নগরবাসীর সেবায় ‘কামলা’ হিসেবে কাজ করতে চান আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘নগরবাসীর সেবা করতে প্রয়োজনে সকল প্রটোকল ভেঙে আমি কামলা হিসেবে কাজ করতে চাই’।তিনি বলেন, ‘আজকে দায়িত্ব গ্রহণের মধ্যে দিয়ে আমি ঘোষণা দিয়েছি উত্তর সিটি করপোরেশন দুর্নীতিমুক্ত থাকবে।’রবিবার (১০ মার্চ) প্রথম কার্যদিবসে মেয়র হিসেবে প্রথম দিনের মত নগরভবনে যোগদান করে তিনি এ কথা বলেন।রবিবার বিকেলে গুলশানে নগরভবণে প্রথম কার্য দিবসে সংবাদ সম্মেলনে মেয়র হিসেবে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির আওতাধীন প্রত্যেকটি দোকানে একটি করে ময়লার বিন এবং দুটি করে ফুল-ফল টব রাখতে হবে। অনুরোধ এবং নির্দেশনা অনুযায়ী এ কাজগুলো যারা করবে তাদেরকে রিওয়ার্ড প্রদান করা হবে। অন্যথায় এ বিষয়ে যখন থেকে আমাদের অভিযান শুরু হবে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যারা বাসার ছাদে, বেলকনিতে বাগান করবেন তাদের কর অবকাশ সুবিধা দেয়া হবে।’
তিনি বলেন, ‘একজন সিটি মেয়র হিসেবে দায়িত্ব অনেক, তবে সেসব দায়িত্বগুলোকে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিবেচনায় বাস্তবায়ণ করবো। বেশি ভোগান্তির কারণ সেসব সমস্যাগুলো সেগুলো অতিদ্রুত সমাধানকল্পে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। নগরের অন্যতম সমস্যা হল জলাবদ্ধতা। কিন্তু এটি অতিদ্রুত সমাধান সম্ভব নয়। কারণ ইতোমধ্যে বর্ষা মৌসুম চলে এসেছে। তবে এটি যেন সহনীয় মাত্রায় থাকে সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে কাজ শুরু হয়ে গেছে।’
সদ্য দায়িত্ব গ্রহণ করা এই মেয়র বলেন, ‘ডিএনসিসির আওতায় শহরের যেখানে দেয়াল লিখন আছে এবং ব্যানার-পোষ্টার আছে সেগুলো মুছে বা নামিয়ে ফেলতে হবে। নতুন করে কেউ যেন এসব আর না করে সেজন্য নগরবাসীকে অনুরোধ করছি। সেই সঙ্গে বাসাবাড়ি নির্মাণের সময় নির্মাণ সামগ্রীগুলো যাতে মানুষের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় সেজন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।’
আগামী ১৭ মার্চ ডিএনসিসির ৫টি অঞ্চলে বিভক্ত করে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন শুরু হবে। ‘লাভ ঢাকা’ স্লোগানে শুরু হতে যাওয়া এ কর্মসূচির কথা জানিয়ে মেয়র বলেন, ‘বর্জ্য আমাদের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণতে হয় সেজন্য কাজ শুরু করবো। একই সঙ্গে হোল্ডিং ট্যাক্সে অটোমেশন পদ্ধতি উন্নীত করার জন্য আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে নগরবাসী সমস্যা জানাতে একটি হট লাইন সার্ভিস চালু করতে যাচ্ছি আমরা।’ সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: ব্রেকিংনিউজ




