আসছে আরো দুই নতুন ব্যাংক
অনুমোদন পাচ্ছে আরো দুটি নতুন ব্যাংক। ইতোমধ্যেই লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রাথমিক সম্মতিপত্র পেয়েছেন ব্যাংক দুটি। ব্যাংক দুটি হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং সিটিজেন ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় তিনটি ব্যাংককে অনুমোদন দেয়ার সিন্ধান্ত হয়। এর মধ্যে গত সপ্তাহে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং সিটিজেন ব্যাংককে এলওআই বা সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পিপলস ব্যাংকের এলওআই দেয়া হয়নি। কারণ ব্যাংকটির প্রস্তাবিত উদ্যোক্তা চেয়ারম্যান এম এ কাশেমের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। এটি যাচাই-বাছাই করার পর তাদের এলওআই দেয়া হবে।
ব্যাংক তিনটি কার্যক্রম শুরু করলে দেশে সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৬২টিতে। যার ১৪টি আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে অনুমোদন দেয়া হয়েছে।অনুমোদন পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের’ প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। যদিও শুরুতে ‘বাংলা ব্যাংক’ নামেই অনুমোদনের আবেদন জমা দেয়া হয়েছিল ব্যাংকটির। জসিম উদ্দিন আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের ভাই।দ্য সিটিজেন ব্যাংকের মালিক হলেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক।




