মালয়েশিয়া থেকেই হুমকির ভিডিও ছেড়েছে এই রোহিঙ্গা
ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে হুমকিদাতা সেই ‘কুলাঙ্গার’ রোহিঙ্গা যুবকের পরিচয় উদঘাটন করেছে পুলিশ। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আজ শনিবার কক্সবাজারের উখিয়ার তিনটি রোহিঙ্গা শিবিরে হানা দিয়ে হুমকিদাতার পরিবারের সদস্যদের শনাক্ত করেন।
রোহিঙ্গা পরিবারের সদস্যরাই গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, যুবক আবদুল খালেক মালয়েশিয়ায় বসবাস করে আসছে বহু বছর ধরে। মালয়েশিয়া থেকেই হুমকিদাতা আবদুল খালেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছাড়ে বলে স্বজনরা নিশ্চিত করেছে পুলিশকে।
ভাইরাল হয়ে গেলে এনিয়ে সর্বত্র চলছে তোলপাড়। হুমকিদাতা রোহিঙ্গা দামি জামা-কাপড় এবং অলঙ্কারে শোভিত অবস্থায় একটি গাড়িতে বসে প্রধানমন্ত্রীকে আরাকানি রোহিঙ্গা ভাষায় ‘পরিণতি খারাপ হবে’ বলে হুমকি দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের যত উঁচু দালানকোঠা স্থাপনা আছে, সবই ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলেও জানায় এই যুবক।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানষ বড়ুয়া কালের কণ্ঠকে জানান ‘মানবতার মূর্ত প্রতীক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদেরকে হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক ভিডিও বার্তা প্রকাশ করে এক ‘কুলাঙ্গার’ রোহিঙ্গা যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে সর্বত্র চলছে তোলপাড়।’
তিনি জানান, হুমকিদাতা রোহিঙ্গা দামি জামা-কাপড় এবং অলঙ্কারে শোভিত অবস্থায় একটি গাড়িতে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আরাকানি রোহিঙ্গা ভাষায় ‘পরিণতি খারাপ হবে’ বলে হুমকি দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের যত উঁচু দালানকোঠা স্থাপনা আছে, সবই ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলেও জানায় এই যুবক।
কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এ বিষয়ে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়া ভিডিওটির ব্যাপারে পুলিশ রোহিঙ্গা শিবিরে ব্যাপক তদন্ত চালিয়ে শনাক্ত করতে সমর্থ হয়েছে হুমকিদাতাকে। হুমকিদাতা রোহিঙ্গা যুবকের নাম আবদুল খালেক (৩২)। মিয়ানমারের রাখাইন রাজ্যের মন্ডু থানার বলিবাজার ধুমরাই এলাকার সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুস সালামের ছেলে খালেক প্রায় এক দশক সময় ধরে রয়েছে মালয়েশিয়ায়। পুলিশ সুপার আরো জানান, প্রয়াত রোহিঙ্গা আবদুস সালামের ৪ জন স্ত্রীর রয়েছে মোট ২৭ জন ছেলে-মেয়ে। তাদের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ৬ সন্তান এবং এক স্ত্রী রয়েছেন।
পুলিশ হুমকিদাতা রোহিঙ্গা যুবক খালেকের বিষয়ে নানা তথ্যের সন্ধান করছে। মালয়েশিয়ায় তার অবস্থান নিয়ে জানার কাজও শুরু করেছে পুলিশ। হুমকিদাতা রোহিঙ্গা যুবক কেন এবং কি কারণে দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে তাও জানার চেষ্টা করা হচ্ছে। এই যুবক কোনো জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে- জানান পুলিশ সুপার।
প্রসঙ্গত, মিয়ানমার বাহিনীর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে এদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা রোহিঙ্গাদের যখন ২০১৭ সালের ২৫ আগস্টের পর ঢল নামে তখন এদেশের সরকার, সরকার প্রধান শেখ হাসিনা এবং এ দেশবাসী মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
এমনকি যখন কোনো দেশ এবং এনজিওরা ছিল না তখন এদেশের মানবিক মানুষগুলোই নিজেরা না খেয়ে খাবার নিয়ে মুখে তুলে দিয়েছিলেন নির্যাতিত রোহিঙ্গাদের। আর এমন রোহিঙ্গারাই কিনা বাংলাদেশের সরকার প্রধান ও সরকারকে উদ্দেশ্য করে হুমকি দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশীরা ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। উৎস: কালের কণ্ঠ।




