প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হলো বিদ্যালয়
খেলাধুলায় সাফল্য অর্জন করায় ময়মসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের জন্য মৌখিক নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে বিদ্যালয়টি সরকারিকরণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা বিগত নারী সাফ ফুটবল প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে। এ কারণে বিদ্যালয়টি সরকারিকরণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তারই প্রেক্ষিতে গত তিন মাস আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে মাউশিকে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন পাঠাতে বলা হয়।পরে ময়মনসিংহের জেলা শিক্ষা কর্মকর্তা ও উপ-পরিচালককে প্রতিবেদন তৈরির দায়িত্ব দেয়া হয়। চলতি সপ্তাহে এই প্রতিবেদন মাউশিতে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করে মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক মান্নান বলেন, এ স্কুলের ছাত্রীদের খেলাধুলার পারদর্শিতা দেখে প্রধানমন্ত্রী সরকারিকরণের জন্য মৌখিক নির্দেশনা দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করতে আমাদের নির্দেশনা দেয়া হয়।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা প্রতিবেদন পেয়েছি, চলতি সপ্তাহে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তী কার্যক্রমের জন্য এই প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন এলে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হবে।




