274873

কথা বলতে পারছেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক।। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন কথা বলতে পারছেন। গতকাল শনিবার তার শরীর থেকে সব ধরনের যন্ত্র খুলে ফেলা হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ডা. আবু নাসির রিজভী। তিনি গতকাল সকালে সাংবাদিকদের বলেছেন, সেতুমন্ত্রীর শরীরের সব এক্সটারনাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে। সব শেষ তার যে এন্ডোটাকিয়া ছিল, সেটিও খুলে নেওয়া হয়েছে। এখন উনি সব ডিভাইস থেকে মুক্ত। উনি আজ আমার সঙ্গে কথা বলেছেন।

ডা. রিজভী বলেন, সেতুমন্ত্রীর হৃৎপি- ১০০ ভাগ স্থিতিশীল। ওনার প্রেশার ঠিকমতো মেইনটেইন হচ্ছে। সংক্রমণ আগে থেকে নিয়ন্ত্রণে এসেছে। কিডনির অবস্থারও অনেক উন্নতি হয়েছে। এই মুহূর্তে তার সামান্য শারীরিক দুর্বলতা রয়েছে। দু-এক দিনের মধ্যে দুর্বলতা কাটিয়ে উঠলে ওনাকে কেবিনে নিয়ে যেতে পারব। ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন।

গত রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি হলে এনজিওগ্রামে ওবায়দুল কাদেরের হৃৎপি-ের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিক একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেদিন রাতেই মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

ad

পাঠকের মতামত