অতিরিক্ত ভোট পড়ায় শাহজাদপুরে ২ কেন্দ্র স্থগিত
ভোটের হিসাবে গরমিল থাকার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি ভোটকেন্দ্র স্থগিত করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। কেন্দ্র দুটি হলো উপজেলার শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈজুড়ি ইউনিয়নের মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা।শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কৈজুড়ি মহিউল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রর প্রিসাইডিং অফিসার শামীম হাসান বলেন, ‘সকাল ১০টায় পর্যবেক্ষণ করে দেখা গেছে, ব্যালট বাক্সে যে পরিমাণ ভোট পড়ার কথা, তার চেয়ে বেশি ভোট পড়েছে। অতিরিক্ত ভোট পড়ার কারণে কেন্দ্রটি স্থগিত করা হয়।’জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, কৈজুরী মুহিবুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ‘শান্তিপূর্ণভাবে’ ভোটগ্রহণ চলছিল। কিন্তু দুপুরের দিকে একদল লোক এসে কেন্দ্র দখল করে জালভোট দেয় বলে প্রিজাইডিং অফিসার অভিযোগ করলে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
একই কারণে শ্রীফলতলা সরকারি প্রাথমিক কেন্দ্রটি স্থগিত করা হয় বলে জানিয়েছেন ইউএনও নাজমুল হুসাইন খান। তিনি বলেন, ‘হিসাবে গরমিল থাকায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিষয়টি ঢাকায় প্রধান নির্বাচন কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।’এর আগে সদর উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আগের রাতে অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষণা করা হয়। সূত্র: বাংলাদেশ জার্নাল




