274946

ডাকসু নির্বাচন: আজ সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ ও র‌্যাব। এদিন ভোটের নিরাপত্তায় থাকবে আড়াই হাজার পুলিশ সদস্য। প্রতিটি ভোট কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। সাতটি স্পটে আর্চওয়ে বসিয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য চারটি পয়েন্টে প্রস্তুত থাকবে। ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের অনুমিত নিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে তারা। তবে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ৭৩ ধারা অনুযায়ী ভোট কেন্দ্রে (হলে) যেতে না পারায় ভোট কেন্দ্রের নিরাপত্তা দেয়া নিয়ে কিছুটা বিপাকে রয়েছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সীমা-পরিসর অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ভোট কেন্দ্রে নিরাপত্তাজনিত কোনো জটিলতা তৈরি হলেও প্রক্টর অনুমতি না দিলে সেখানে যেতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শাহবাগ থানার ওসি আবুল হোসেন যুগান্তরকে বলেন, নির্বাচন ঘিরে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। তবে হলে পুলিশের প্রবেশের অনুমতি নেই। যদি প্রশাসন ডাকে তাহলেই কেবল হলে ঢুকতে পারবে পুলিশ। এদিকে ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাহিদা অনুযায়ী নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। ইতিমধ্যে সাদা পোশাকে কাজ শুরু করেছে কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাহিদা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। যেহেতু পুলিশ অনুমতি ছাড়া হলে প্রবেশ করতে পারবে না। সেজন্য চারটি পয়েন্ট রাখা হবে পুলিশ সদস্যদের। সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মোবাইল ডিউটি করবে তারা। নির্বাচনের দিন সবধরনের যানবাহনে তল্লাশি করা হবে।

শনিবার বেলা ১১টায় শাহবাগ থানায় এক সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ক্যাম্পাসের সাত স্পট শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রুমানা ভবন ক্রসিং, দোয়েল চত্বর ও শহীদুল্লাহ হল ক্রসিং তল্লাশি করবে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও অনুমোদিত ব্যক্তিরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ তল্লাশির বাইরে থাকবে। তবে মেডিকেলগামী লোকজনদের বকশীবাজার, চাঁনখারপুল হয়ে আসার অনুরোধ জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় পরিচয় যাই হোক না কেন, অনিয়মের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসবমুখর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গণতন্ত্রের ঐতিহ্য সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

ভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী যুগান্তরকে বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তায় হলের প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হল প্রশাসন ভোট কেন্দ্রের নিরাপত্তা নজরদারি করবেন। প্রক্টর বলেন, নিরাপত্তায় সাদা পোশাকে থাকবে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ad

পাঠকের মতামত