বুবলীকে নিয়ে তুরস্কে উড়াল দেবেন শাকিব
গত ১ মার্চ থেকে শুরু হয়েছে ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলীর নতুন ছবির শুটিং। ছবির নাম ‘পাসওয়ার্ড’। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন শাকিব খান। ছবির শুটিংয়ের জন্য আগামী মাসে বুবলীকে নিয়ে তুরস্কে উড়াল দেবেন শাকিব। ছবির পরিচালক মালেক আফসারি জানান, অ্যকশন থ্রিলার ধাঁচের সিনেমা এটি। সিনেমার গানের শুটিং হবে দুবাই ও তুরস্ক। আগামী মাসেই দুবাই ও তুরস্ক যাচ্ছে সিনেমার টিম।
প্রথম দিন থেকেই ইমন, বুবলী অংশ নিলেও শাকিব শুটিংয়ে অংশ নেন ৫ মার্চ (মঙ্গলবার)। প্রথম দিন অংশ নিয়েই টানা ২৭ ঘন্টা শুটিং করেছেন শাকিব। ওইদিন সকাল ৭ টায় এফডিসির একটি ফ্লোরে শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও বুবলী। পরদিন সকাল ১০ টা পর্যন্ত টানা ২৭ ঘণ্টা শুটিং করেন তারা। সঙ্গে ছিল পুরো ইউনিট।
ছবির পরিচালক মালেক আফসারি বলেন, বুধবার শুধু রেস্ট ছিল শুটিং ইউনিটের। বৃহস্পতিবার থেকে ফের শুটিং শুরু হয়। আজকেও সকাল ৭ টা থেকে ক্যামেরা চালু করেছি। সারাদিন-সারারাত কাজ চলবে। সিনেমা হচ্ছে যুদ্ধের ময়দান। এখানে ক্লান্তি লাগলে চলবে না।
জানা যায়, ‘পাসওয়ার্ড’ আসছে ঈদে মুক্তি পাবে। ঈদ আসতে বাকি আছে আর ৮৫ দিন। কাজ শেষ হলে কলকাতায় পোস্ট প্রোডাকশনের জন্য একমাস লাগবে। শুটিং, ডাবিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও কত কাজ! একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ‘পাসওয়ার্ড’ নির্মিত হচ্ছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল।




