274739

ফেসবুকে কবি আল মাহমুদের এপিটাফ ভাইরাল

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্‌ঠ কবি আল মাহমুদের কবরে লেখা এপিটাফ ভাইরাল হয়েছে। কবির লেখা একটি কবিতার কয়েকটি পংক্তি দিয়ে এপিটাফটি সাজানো হয়েছে।

এপিটাফটির শুরুতে লেখা রয়েছে-
‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর’

এরপর তার বহুল পঠিত কবিতা স্মৃতির মেঘলাভোরের শুরুর অংশ লেখা রয়েছে-

‘কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে

মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;

অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে

ভালোমন্দ যা ঘটুক, মেনে নেবো: এ আমার ঈদ।’

কবিতার বাকি লাইনগুলেঅ হলো-

‘ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন –

নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি, কিংবা কিছু নয়;

অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন;

কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী, নিশ্চয়।

স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক,

অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?

কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?

নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায় !

আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার

যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার।’

গত ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন আল মাহমুদ। এ কবি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইলের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন।

তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার বাবার নাম মীর আবদুর রব, মায়ের নাম রওশন আরা মীর। ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইলে নিজ গ্রামে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয় এই কবিকে।

ad

পাঠকের মতামত