মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে মিয়ানমারের পাঠ্যবইয়ে
ডেস্ক রিপোর্ট।। মিয়ানমারের বিদ্যালয়গুলোর পাঠ্যবইয়ে মুসলিমসহ সঙ্কর জাতির মানুষকে ঘৃণা করতে শেখানো হচ্ছে বলে জানিয়েছেন মিয়ানমারের মানবাধিকার তদন্তে জাতিসংঘে নিযুক্ত বিশেষ দূত ইয়াং হি লি। গত মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার পাঠ্যবইয়ের মাধ্যমে ঘৃণাবাদী মন্তব্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত বিশেষ দূত ইয়ং হি লি বলেন, ‘মিয়ানমারে দশকের পর দশক ধরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। রোহিঙ্গারা নির্যাতনের শিকার। আন্তর্জাতিক সম্প্রদায় তবুও নিষ্ক্রিয়। ব্যবস্থা গ্রহণে বিলম্ব হতে থাকলে বৈষম্য বাড়বেই।’ এদিকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিলেও রোহিঙ্গারা এখনো রাখাইন থেকে পালিয়ে আসছে। আর মিয়ানমারের পাঠ্যবইয়ে মুসলিম বিদ্বেষমূলক তথ্য অন্তর্ভুক্ত করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
মিয়ানমারে ঘৃণার ব্যবহার শুধু পাঠ্যবইতেই নয়, এর বিস্তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মও মুসলিমবিরোধী হয়ে উঠছে। এর পেছনে সরকার ও সেনাবাহিনী মদদ দিচ্ছে, যা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।




