273709

‘পরকীয়া করার অপরাধে বউকে চড়-থাপ্পড় মেরে শাসন করেছি’

বিনোদন ডেস্ক।। কারাগারে যাওয়ার আগে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তাকে মারধরের কথা স্বীকার করেছেন আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বগুড়ার আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘পরকীয়া করার অপরাধে বউকে চড়-থাপ্পড় মেরে শাসন করেছি। এ কারণে আমার শ্বশুর তার লোকজন নিয়ে এসে আমাকে কাঠের বাটাম দিয়ে মারধর করে। থানায় অভিযোগ দিয়েও কোনো বিচার পাইনি। বরং মীমাংসার কথা বলে থানায় ডেকে এনে পুলিশ আমাকে গ্রেপ্তার করে।’

মামলা প্রসঙ্গে আলোচিত এই মডেল বলেন, ‘আমার শ্বশুর টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছিল। এবারও আমার ডিশ সংযোগ ব্যবসা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমার বউকে ব্যবহার করে মিথ্যা মামলা করেছেন।’ স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় বুধবার রাতে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বগুড়া সদরের এরুলিয়া এলাকার ক্যাবল-সংযোগ ব্যবসায়ী আশরাফুল হোসেন আলম কয়েক বছর আগে বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ইউটিউবে ‘হিরো আলম’ নামে ব্যাপক জনপ্রিয়তা পান। গত সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে সারা দেশে আলোচনায় আসেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে ৬৩৮ ভোট পেয়ে জামানত হারান হিরো আলম। ২০০৮ সালে সুমী বেগমকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

ad

পাঠকের মতামত