প্রতারণা মামলায় ট্রাম্পের সাবেক সহযোগীর কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী ম্যানেজার পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতির মামলায় গতকাল বৃহস্পতিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার আদালত তার বিরুদ্ধে এ রায় দেয়। একইসঙ্গে প্রেসিডেন্টের সাবেক নির্বাচনী ম্যানেজার ম্যানাফোর্টকে ৫০ হাজার ডলার জরিমানা ও দুই কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইউক্রেন থেকে লাখ লাখ ডলার আয়ের বিষয়টি লুকিয়েছেন ট্রাম্পের সাবেক এ সহযোগী। এ ছাড়া কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি, বিদেশি ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যর্থ হওয়াসহ আটটি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। ফলে গত নয়মাস ধরে পুলিশের হেফাজতে ছিলেন তিনি।
বৃহস্পতিবার আদালতের সামনে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট বলেন, ‘গত দুই বছর আমার জীবনে সবচেয়ে কঠিন সময় ছিল। আমি অপমানিত ও লজ্জিত।’ এ ছাড়া পেশাগত ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত বলে জানান তিনি। এক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষদের একজন ছিলেন ম্যানাফোর্ট। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে দূরত্ব দেখা দেয়।
ম্যানাফোর্ট পেশায় একজন ব্যবসায়ী হলেও দীর্ঘদিন ধরে তিনি রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে জড়িত। মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে বিশেষ কাউন্সেল রবার্ট মুলার ম্যানাফোর্টের বিরুদ্ধে মুদ্রা পাচারের মত আর্থিক অপরাধের অভিযোগের পাশাপাশি প্রমাণ নষ্ট করার অভিযোগ এনেছেন। ইউক্রেনে রাশিয়াপন্থীদের কাছ থেকে মিলিয়ন ডলার অর্থ নিয়েছেন বলে ২০১৬ সালের আগস্টে ইউইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে জানানো হয়। সে সময় পদত্যাগ করতে বাধ্য হন ম্যানাফোর্ট।




