ক্যান্সারে আক্রান্ত রাফিকার করুণ আকুতি, আমি বাচঁতে চাই
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ডি-ব্লকের ৩০৭ নম্বর ইউনিটের ১ নম্বর বেডে এখন ভর্তি রয়েছে রাফিকা। সেখানেই তাকে দেওয়া হচ্ছে কেমোথেরাপি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি এবং অনকোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শিশু রাফিকার।রাফিকা আক্তারের বয়স এখনো ৫ বছর হয়নি। এই ছোট্ট শিশুর শরীরে বাসা বেধেছে ঘাতকব্যাধি ক্যান্সার। সেটি সারাতে দেওয়া হচ্ছে কেমোথেরাপি। এমন যন্ত্রণা নিয়ে প্রায় এক বছর ধরে জীবন কাটাচ্ছে সে। আরও কতদিন এভাবে থাকতে হবে, তা জানে না কেউ।
রাফিকা আক্তারের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জের করিমপুর গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম একজন দিনমজুর। ট্রাক্টর চালিয়ে জীবন নির্বাহ করা রফিকুল এখন সর্বস্বান্ত। ছোট্ট মেয়ের চিকিৎসা করাতে ধার-কর্জ আর বসতভিটা বিক্রি করে এবং অনেকের সহায়তায় অন্তত ৮ লাখ টাকা খরচ করেছেন। ঢাকা শহরে থেকে শিশুর কেমোথেরাপি দেওয়ার জন্য আরও অর্থের দরকার।
রাফিকার সর্বশেষ অবস্থা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আবাসিক চিকিৎসক কানিজ ফাতেমা বলেন, ‘এখন পর্যন্ত রাফিকা আক্তারের চারটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। আরও দুটি দিতে হবে। থেরাপি দেওয়া শেষ হলে তাকে প্রথমে ছয় মাস ও পরে ৫ বছর ফলোআপে রাখা হবে।’
চিকিৎসায় রাফিকা কতটুকু সুস্থ হয়েছে-জানতে চাইলে ডা. কানিজ ফাতেমা বলেন, ‘মোটামুটি রেসপন্ড ভালোই করছে। কেমো এখনো শেষ হয়নি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। রাফিকার যে ব্লাড ক্যান্সার হয়েছে এ ধরনের ক্যান্সারের রোগীরা ৩০ থেকে ৫০ শতাংশ রিকভারি করে।
রাফিকার বাবা রফিকুল ইসলাম জানান, গত বছরের ১১ মে রাফিকার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এখনো সেই চিকিৎসা চলছে। কেমোথেরাপির জন্য রাফিকা এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
রাফিকার বাবা আরও জানান, থেরাপি দিতে অনেক টাকার দরকার। আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষিরা বিভিন্নভাবে সহায়তা করছেন। না হলে চিকিৎসা বন্ধ হয়ে যেত। তার চিকিৎসা চালাতে আরও অর্থের দরকার। তাই যদি কোনো হৃদয়বান রাফিকার চিকিৎসার এগিয়ে আসেন তাহলে হয়তো বাঁচতে পারে ফুটফুটে এই শিশুটি।
যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা: মুঠোফোন ও বিকাশ নম্বর : ০১৭৫১-৪৪৬০২৭ ও ০১৩০৬৪৩২০৫২ ব্যাংক হিসাব : ৭১০১১২১০০০০১৮৮১, হিসাবধারীর নাম মো. রফিকুল ইসলাম, শঠিবাড়ী শাখা, মেঘনা ব্যাংক লিমিটেড, রংপুর।




