দ্বিতীয় টেস্টে থাকছেন না মুশফিক
স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলেননি। মাঝে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা জাগলেও আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না মুশফিক।আজ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সংবাদ সম্মেলনে হতাশার বাণীই শোনা গেলো, ‘মুশফিককে হয়তোবা পরের ম্যাচে পাচ্ছি না। তৃতীয় ম্যাচে আমরা অবশ্যই ওকে পাব। চোট তো খেলারই অংশ। এটা হলে কিছু করার থাকে না। পেশাদার খেলোয়াড় হিসেবে এসব ধাক্কা তো মানতেই হবে।’
সামনেই বিশ্বকাপ। তাই দলের মূল খেলোয়াড়দের নিয়ে কোনো রকম ঝুঁকি না নেয়ার কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মুশফিককেও তাই শতভাগ ফিট না হওয়া পর্যন্ত মাঠে না নামানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুই বছর আগে এক ইনিংসে প্রায় ছয়শ রান তুলেও হেরেছিল বাংলাদেশ। ওই মাঠেই রচিত আছে যেকোনো উইকেটেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা জুটি। সেই টেস্টে পঞ্চম উইকেট জুটিতে সাকিব-মুশফিকের ব্যাট থেকে এসেছিল ৩৫৯ রান। তাদের জুটি ছাড়িয়ে যায় ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে গড়া তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৩১২ রানের রেকর্ড।
ব্যক্তিগত ১৫৯ রানে ট্রেন্ট বোল্টের বলে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেছিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। পরে ২৭৬ বলে ব্যক্তিগত ২১৭ রানে আউট হয়ে ফিরেছিলেন সাকিব আল হাসানও। তবে আগামীকালের ম্যাচে এই দুইজনের কাউকেই পাচ্ছে না বাংলাদেশ। দুইজনই ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন।
সবকিছু ঠিক থাকলে সাকিব এবং মুশফিক দুইজনেই হয়তো ফিরবেন তৃতীয় টেস্টে। অবশ্য সাকিবের খেলাটা নির্ভর করছে তার আঙুলের অবস্থার ওপর। সাকিব যদি নিজেকে ফিট মনে করেন এবং খেলার ছাড়পত্র পান তবেই খেলবেন। কোনো ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে তার জন্য। প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল ভোর চারটায় ওয়েলিংটনে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।




