‘কথা বলেছেন ওবায়দুল কাদের’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বলেছেন, ওবায়দুল কাদেরের অবস্থা ভালো এবং তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ’কে উদ্ধৃত করে ডা. আবু নাসার রিজভী এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, এদিক দুপুর সাড়ে ১২টায় মেডিক্যাল বোর্ডের (সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের) সঙ্গে কথা বলেছি। বোর্ডের সবাই খুব সেটিসফায়েড। প্রথম জিনিস হলো, মেডিক্যাল বোর্ডের এক সদস্য বললেন উনি কাদের ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। উনি তার কথায় রেসপন্স করেছেন। এটা খুব পজেটিভ সাইড। দুই নম্বরটা হলো, উনার হার্টে যে সাপোর্টিভ মেশিন ছিল সেটাও খুলে ফেলা হয়েছে। উনার ব্লাড প্রেশার স্টেবল আছে। বাকি সব প্যারামিটার ভালো হচ্ছে এবং ইনফেকশনের অনেক কন্ট্রোলে আছে। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ উনি শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন।
ডা. আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভাল অবস্থায় রয়েছে। ঘুমের ঔষধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং তার শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে। এদিকে আগামীকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪ টায় ডা. ফিলিপ আবারও ব্রিফ করবেন বলে জানানো হয়েছে।
এদিকে রোববার (৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। রবিবারই একটিতে রিং পরানো হয়। ভারত থেকে তাকে দেখতে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তার পরামর্শে ওবায়দুল কাদেরকে ৪ মার্চ সোমবার এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।




