সকাল থেকে ফের উত্তপ্ত কাশ্মীর, সেনার গুলিতে খতম জঙ্গি
কুপওয়াড়া জেলার হান্ডোয়া, কারলগুন্ড সহ একাধিক জায়গাতে ভারতীয় সেনার সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলি লড়াই শুরু হয়েছে৷ সূত্রের খবর জঙ্গি নিধনের জন্য বিশেষ সার্চ অপারেশনে নেমেছে ভারতীয় সীমান্ত সুরক্ষাবাহিনী৷ দিনের শুরুতেই হান্ডোয়াতে ভারতীয় সেনার গুলিতে খতম হয়েছে এক জঙ্গি৷ তবে গুলির লড়াই এখনও জারী রয়েছে৷ এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।
পুলওয়ামার পর ফের জঙ্গিদের নিশানায় সেনাবাহিনী। এবার কাশ্মীরের কুপওয়াড়ায়৷ বুধবার রাতে জঙ্গি হামলা হয় ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে লক্ষ্য করে৷ কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ভারতীয় সেনার টহলরত গাড়িতে অতর্কিতে হামলা চালানো হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কুপওয়ারার হান্ডওয়ারার কাছেই, ল্যাংগেটে৷ জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে৷ ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা৷ এখনও অবধি হতাহতের খবর জানা যায়নি৷ কারা হামলা চালিয়েছে, তাও স্পষ্ট নয়৷
এদিকে, আগেই খবর এসেছিল, সীমান্তের ওপারে ভিড় জমাতে শুরু করেছে পাকিস্তানের সেনা৷ সঙ্গে রয়েছে অস্ত্রও। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাও সতর্ক। যে কোনও হামলায় কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় বাহিনী৷




