রাখাইন ফিরে গেলেই প্রতি রোহিঙ্গাকে ৬ হাজার ডলার দেবে চীন
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার থেকে বলপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা রাখাইনে ফিরে গেলে চীন সরকার তাদেরকে জনপ্রতি ৬ হাজার ডলার দেবে। সম্প্রতি দেশটির প্রতিনিধি দল রোহিঙ্গা মুসলমানদের দেখতে এসে এ প্রস্তাব দেয় বলে বাংলাদেশ কর্তৃপক্ষ ও শরণার্থী কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানান। চীনের এশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি সান গুইজিয়াং রবিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে ১৫ পুরুষ ও ১৪ নারীর সঙ্গে দেখা করেন। শান্তি ও মানবাধিকারের পক্ষে আরাকান রোহিঙ্গা সমাজ নামে একটি বেসরকারি সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি ব্যানার নিউজকে বলেন, ওই প্রতিনিধি তাদের (রোহিঙ্গাদের) কাছে জানতে চান যদি পাঁচ বা ছয় হাজার ডলার জনপ্রতি দেওয়া হয় তাহলে তারা রাখাইনে ফিরে যেতে রাজি কি না। তবে রোহিঙ্গারা নাগরিকত্ব এবং পরিচয়পত্র ছাড়া ফিরে যেতে অস্বীকৃতি জানায়। চীনা প্রতিনিধির সঙ্গে রোহিঙ্গাদের বৈঠকে উপস্থিত এক বাংলাদেশি ব্যানার নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চীন সরকার তাদের প্রত্যেককে ছয় হাজার ডলার করে দিতে চেয়েছে যেন তারা ফিরে গিয়ে নিজেদের বাড়িঘর নির্মাণ করতে পারে।
তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কাছে মেইল করেও কোনো জবাব পায়নি বলে জানায় ব্যানার নিউজ। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক কর্মকর্তা দেলোয়ার হোসেন এ বিষয়ে বলেন, তাদের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সূত্র : ব্যানার নিউজ অব ইন্দোনেশিয়া




