ব্রিটিশ এমপি রূপা হককে হুমকি
ডেস্ক রিপোর্ট।। ব্রেক্সিটের বিরোধিতা করায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি রূপা হককে ই-মেইলে হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফিরে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। গত সোমবার রূপা হকের কাছে এই মেইলটি পৌঁছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করে আরেকটি গণভোটের আয়োজনের দাবিতে রূপা প্রচার চালাচ্ছেন। এ জন্য সংশ্লিষ্ট ওই মেইলে তার এই অবস্থানের সমালোচনা করা হয়েছে। ব্রিটিশ পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তারা বলছে, যে ব্যক্তি ওই মেইল পাঠিয়েছে তার নামের একাংশ ‘জন’ হয়ে থাকতে পারে। খবর বাংলা ট্রিবিউনের। জানা গেছে, রূপার কাছে পাঠানো মেইলটিতে লেখা হয়েছে, ‘ব্রেক্সিট নিয়ে যদি সুমতি না হয়ে থাকে, তা হলে আপনার উচিত হবে নিজের জীবন ধ্বংসের জন্য বাংলাদেশে ফিরে যাওয়া।’
মেইলে রূপা হককে রূঢ় ভাষায় ইইউয়ের পক্ষাবলম্বী আখ্যা দিয়ে নিন্দা করা হয়েছে। ইমেইল লেখকের দাবি, যুক্তরাজ্যের নাগরিকরা আসলেই ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাতে চায় কিনা তা নির্ধারণে রূপা হক যে দ্বিতীয় গণভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন, তা বন্ধ করতে হবে। রূপার অবস্থানকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে আরও দাবি করা হয়েছে, তার উচিত, হয় সরকারের ব্রেক্সিট চুক্তিতে সমর্থন দেওয়া, না হয় এর বিরোধিতা বন্ধ করা।
ইমেইল বলা হয়, ‘যদি দ্বিতীয় অবস্থানটি বেছে নেন, তা হলে আপনি যা যা চুক্তিতে চান তা নিয়ে কথা বলার সুযোগ পাবেন। কিন্তু তা যদি না হয়, তা হলে গৃহযুদ্ধ হবে। আর তাতে আপনার মৃত্যু হওয়ার আশঙ্কাই বেশি। যদি বেঁচে থাকেন, তা হলে আপনি ও আপনার মতো ব্রেক্সিটবিরোধীরাই সেই পরিস্থিতির জন্য দায়ী থাকবেন।’ ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের কড়া সমালোচক রূপা হক।
তিনি ওই ইমেইল বার্তার ভাষ্য প্রকাশ করে দিয়েছেন টুইটারে। সেখানে তিনি নিজের ব্রিটিশ নাগরিক হওয়ার কথা উল্লেখ করে জানিয়েছেন, ছুটি কাটাতে কয়েকবার তার বাংলাদেশে যাওয়া হয়েছে। কিন্তু যুক্তরাজ্যের পর্যটনকেন্দ্র ইজেল অব ম্যানে যতবার তিনি ছুটি কাটাতে গিয়েছেন, বাংলাদেশে গেছেন তার চেয়ে কম।




