পাটকে যে কোনো মূল্যে লাভজনক করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাটকে কীভাবে লাভজনক করা যায়, সেটি দেখতে হবে। কৃষি ও রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বুধবার বেলা ১১টার দিকে জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।প্রধানমন্ত্রী বলেন, পাটকে আমরা আরও কীভাবে কাজে লাগাতে পারি সবসময় এটিই চেষ্টা করে যাচ্ছি।
তিনি বলেন, আপনারা জানেন ইতিমধ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ আমরা পাস করেছি।পাট এমন একটি পণ্য, যার কিছুই ফেলা যায় না, সেটি কেন লোকসান হবে। আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কীভাবে করা যায়, কীভাবে করতে হবে- সেটি দেখতে হবে।’পাটশিল্প আবারও লাভের মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে এ শিল্পকে লাভজনক করতে উন্নত গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি)পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬-৭ মার্চ দুই দিনব্যাপী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে।পাট উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণ, পাটপণ্য তৈরি, পাট বীজ সরবরাহ ও বাজারজাতকরণসহ পাট ক্ষেত্রে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করবেন।




