দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন তাহসান
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান অভিনেতা হিসেবেও বেশ প্রশংসিত হয়েছেন। ছোট পর্দায় রোমান্টিক নাটকে অভিনয় করে ভক্তদের হৃদয় জয় করেছেন তিনি। এবার তাকে বড় পর্দায়ও দেখা যাবে। তাহসানের প্রথম ছবি ‘যদি একদিন’ মুক্তি পাচ্ছে আগামী ৮ মার্চ। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তাহসান-শ্রাবন্তী অভিনীত ছবিটিতে আরো রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির আলোচিত খলনায়ক তাসকিন রহমান। চলছে ছবির প্রচারণা। বেশ আট ঘাট বেঁধেই ছবিটির প্রচারণায় নেমেছেন পুরো ছবির টিম।
প্রচারণায় এফডিসি থেকে শুরু করে সংবাদমাধ্যম, সব জায়গায় ছুটছেন তাহসান। সোমবার এ বিষয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তাহসান। সাক্ষাৎকারে নতুন করে বিয়ের কোনো চিন্তা করছেন কিনা তা জানতে চাইলে অনেকটা বিব্রত হয়ে বলেন, ‘আমার শিক্ষা হয়ে গেছে। ব্যক্তিজীবনের কিছু আমি আর কাউকে জানাতে চাই না। একবার জানিয়ে দেখেছি, মানুষ আমার ব্যক্তিগত জীবনকে তার ব্যক্তিগতজীবন মনে করে। আমি সেটা তো হতে দিতে পারি না।’
তাহসান ও মিথিলার বিচ্ছেদের সময়ে গণমাধ্যমের বাড়াবাড়ি নিয়ে বেশ বিরক্ত হয়েছেন তিনি। তাহসান বলেন, শুধু ভক্ত না। ভক্তের বাইরেও অনেকে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে, যেটা আমার ভালো লাগেনি। বিয়ে নিয়ে কথা বললে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়। যত বেশি গসিপ বানাতে পারবে, ততই ব্যবসা হবে। তিনি বলেন, ডিভোর্সের সময়টাতে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই তো আর ভালো সাংবাদিকতা করেন না। ব্যক্তিজীবন নিয়ে আমি আর কথা বলার সুযোগটা কাউকে দিতে চাই না।
প্রসঙ্গত, ৮ মার্চ নারী দিবসে সারা দেশের ২৫টির অধিক হলে মুক্তি পাবে মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমাটি। ‘যদি একদিন’ সিনেমায় আরো অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।




