এক স্কুলে ৪০টি মৌচাকের বাসা!
চাঁদপুরের মতলবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চারপাশে ৪০টি মৌচাকের বাসা বেধেছে। উত্তর উপজেলার ৯ নং জাহিরবাদ ইউনিয়নের সানকি ভাঙ্গা ৭১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে এমন দৃশ্য দেখা গেছে।বিদ্যালয়ের চারপাশে ছাদের নীচে মৌচাকের বাসা নিয়েই শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস করে যাচ্ছেন। এ অবস্থায় চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে শিক্ষক-শিক্ষার্থীরা ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আক্তার জানান, মাঝে মাঝে দু’একটি মৌমাছি আমাদের ছাত্র-ছাত্রীদেরকে কামড় দিলেও এখন পর্যন্ত বড় ধরনের কোন সমস্যা হয়নি। আমাদের ছাত্র-ছাত্রীরা খুব সতর্কভাবে বিদ্যালয় ক্লাস করে থাকে।এছাড়াও বিদ্যালয়ের মৌচাকের বাসা দেখতে এখানে শত-শত মানুষ এসে ভীড় করে। আবার কেউবা তুলছেন শখের সেলফি। আবার অনেকে ভিডিও করে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের দেখানোর জন্যে। মৌচাকের বাসা বাধাকে কেন্দ্র করে রীতিমত ওই এলাকায় বসেছে দোকানপাটও।




