এমপি শিউলি কাঁদলেন-কাঁদালেন
নিউজ ডেস্ক।। সংরক্ষিত আসনে সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ কাঁদলেন। কাঁদালেন উপস্থিত সবাইকে। তাকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসব। শনিবার এ উৎসবের মাঝেই আনন্দের কান্না বইয়ে যায় গোটা অনুষ্ঠানে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন এমপি শিউলির স্বামী শহীদ একেএম ইকবাল আজাদ। কিন্তু নিজ দলের প্রতিপক্ষের হাতে তাকে খুন হতে হয়েছে। এরপর থেকেই স্বামীর গড়ে যাওয়া মাঠে নামেন শিউলি আজাদ। স্বামীর মতো তিনিও এলাকার মানুষের মন জয় করে নেন।
প্রধানমন্ত্রী তার মূলায়ন করেন। একাদশ সংসদে সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেন। এমপি হওয়ার পর এই প্রথম শনিবার তিনি সরাইলে পা রাখেন। সরাইল আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনার। সংবর্ধনাকে ঘিরে সরাইলের প্রধান সড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার ও উপজেলা চত্বরে মানুষের ঢল নেমেছিল। এক সময় তিল ধারণের জায়গা ছিল না সমাবেশস্থলে। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বামীর রাজনৈতিক জীবনের স্মৃতি কাঁদিয়েছে তাকে। নিজে কেঁদেছেন।
কাঁদিয়েছেন গোটা সরাইলবাসীকে। অ্যাডভোকেট জয়নাল উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নাজমুল হোসেন। শিউলি আজাদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনাই আমাকে এ সম্মান দিয়েছেন। উনার দক্ষ নেতৃত্বে সোনার বাংলা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এগিয়ে যাবে। আমার প্রয়াত স্বামীর স্বপ্ন পূরণ করতে চাই। আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতায় আমি এমপি হতে পেরেছি। আমি আপনাদের কাছে ঋণী ও কৃতজ্ঞ। আপনাদের ত্যাগের বিনিময় আমি কোনো দিনই দিতে পারব না। কাজের মাধ্যমে আপনাদের সেবা করতে চাই। উৎস: মানবজমিন।




