271912

মিথ্যা বলা অভ্যাস হয়ে গেছে মোদির : রাহুল

মিথ্যা বলার অভিযোগে আবারো ভারতীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রোববার কংগ্রেস সভাপতির নির্বাচনী কেন্দ্র অমেথিতে দলীয় এক সমাবেশ করেন নরেন্দ্র মোদী। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমাবেশে করওয়ার অস্ত্র কারখানায় রুশ প্রযুক্তি ব্যবহার করে কালাশনিকভ বা একে সিরিজের রাইফেল তৈরির প্রকল্প ঘোষণা করেন মোদি। কিন্তু ওই প্রকল্পের ঘোষণায় নরেন্দ্র মোদী ভুরি ভুরি মিথ্যা বলেছেন বলে অভিযোগ রাহুলের। তিনি বলেন, মিথ্যা বলা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর। অমেথিতেও মিথ্যা বলে এসেছেন।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর, রোববার প্রথমবার কংগ্রেসের ঘাটি হিসেবে পরিচিত অমেথিতে পা রাখেন নরেন্দ্র মোদী। গান্ধী পরিবারের নির্বাচনী কেন্দ্র হিসাবে পরিচিত অমেথিতে। তা নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। রাইফেল প্রকল্পের উদ্বোধন করার সময় মোদি বলেন, ‘এতদিন একটি পরিবারকেই অমেথি চিনত। এ বার একে-২০৩ রাইফেলসের জন্য সবাই চিনবে অমেথিকে। ২০০৭ সালে অমেথিতে অস্ত্র কারখানার উদ্বোধন হয়। ২০১০ থেকে উত্পাদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত তা হয়ে ওঠেনি।’

কংগ্রেসের পক্ষ থেকে মোদির মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছিল আগেই। সোমবার সকালে তাতে যোগ দেন রাহুল গান্ধী। নিজের টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি লেখেন, ‘২০১০ সালে আমি নিজে অমেথিতে অস্ত্র কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করি। তার পর থেকে গত কয়েক বছর ধরে ছোট অস্ত্রের উত্পাদন হয়ে আসছে সেখানে। অথচ গতকাল অমেথি গিয়ে অভ্যাসবশত ফের মিথ্যা বলে এলেন আপনি। আপনার কি বিন্দুমাত্র লজ্জাবোধ নেই?’

২০১৪ সালে অমেথি থেকেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন বর্তমান বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু রাহুল গান্ধীর কাছে পরাজিত হন তিনি। সেই থেকে মাঝেমধ্যেই রাহুলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় স্মৃতি ইরানিকে। এ দিনও রাহুলের টুইট চোখে পড়তেই পাল্টা আক্রমণ করেন তিনি।

ad

পাঠকের মতামত