এমপিওভুক্তি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী
সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের জন্য এমপিও’র কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং অনলাইনভিত্তিক করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওকরণের কার্যক্রম শুরু হয়েছে।এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস মনিটরিংয়ের জন্য অনলাইন ড্যাস বোর্ড স্থাপন করা হয়েছ বলেও জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, ইমাম, গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ তথ্য যাচাই-বাছাইয়ের বিষয়ে এ বিভাগের নির্দেশনার যথাযথ অনুসরণের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, গুণগত শিক্ষা এবং শিক্ষার মান বৃদ্ধি নিশ্চিত করার জন্য আরও বহুমাত্রিক কার্যক্রম চলমান রয়েছে। উপর্যুক্ত উদ্যোগ গ্রহণের ফলে দেশের সকলের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাক্ষেত্রে বিশ্বমান অর্জনের ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার ধারাবাহিকতায় ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন অব্যাহত থাকবে এবং জ্ঞানভিত্তিক দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে এ প্রয়াস সহায়ক হবে বলে আশা করি।




