271938

উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশ নিরাপদ: আইজিপি

ময়মনসিংহ প্রতিনিধি: ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ২০২১ এবং ২০৪১ সালের মধ্যে একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা দেখার যে স্বপ্ন দেখিয়েছেন, এটি তখনই স্বার্থক হবে যদি আমরা মাদক ও জঙ্গিবাদ থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলেই বাংলাদেশকে নিরাপদ আবাস হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবো। উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশটি নিরাপদ হবে এবং বিদেশি বিনিয়োগ আসবে।’

সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের সার্কিট হাউস রোডে পুলিশ অফিসার্স মেসসহ ৯টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, মাদক ছেড়ে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাহলে তাদের সুযোগ দেয়া হবে। আর মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি বলেন, জঙ্গিবিরোধী কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এ ব্যাপারেও আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ চলছে, তা নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। মাদক ব্যবসায়ী, গডফাদার ও মাদকের সাথে সম্পৃক্তদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে গত একবছরেরও বেশি সময় ধরে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যেই কক্সবাজারে ১২০ জনের বেশি মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। আমরা সেখানে আহ্বান জানিয়েছে, কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে আসতে চায়, আমরা সেই সুযোগ দিয়েছি।

তিনি বলেন, কক্সবাজারের মতো আরো কয়েকটি জেলায় মাদক ব্যবসায়ী, গডফাদার ও মাদকের সাথে সম্পৃক্তরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন, তাদেরকে আমরা সুযোগ দিবো। এ সময় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঁঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ বিভাগের সকল পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি ময়মনসিংহ জেলা এসপি অফিস ভবন, পুলিশ লাইন্স ব্যারাক ভবন-২, পুলিশ অফিসার্স মেস-১ ও পারফরমেন্স ইভ্যাল্যুসান সফটওয়্যার উদ্বোধন করেন এবং পুলিশ টেলিকম ভবন, পাগলা থানার অফিসার্স ইনচার্জের কোয়ার্টোর ও ডরমেটরি, ময়মনসিংহ জেলার মাল্টিপারপাস ড্রিলশেড, পুলিশ হাসপাতাল ডরমেটরির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। বিকালে পুলিশ লাইন্সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ad

পাঠকের মতামত