“আল্লাহ আবুবকরের উপর রহম করুন, তিনি তাঁর পরবর্তী খলীফাদের বড় মুস্কিলে ফেলে গেলেন’
ইসলাম ডেস্ক।। হযরত আবুবকর ছিদ্দীক (রা) মুসলিম জাহানের খলীফা হয়েছেন। খলিফা নির্বাচিত হবার ক‘দিন পরের ঘটনা। নতুন চাদরের একটি বোঝা নিয়ে খলীফা বাজারে চলেছেন বিক্রি করার জন্য। উমার (রা) পড়লেন পথে। তিনি বললেন, “কোথায় চললেন?” আবু বকর (রা) বললেন, “বাজারে যাচ্ছি”। হযরত উমার (রা) বুঝলেন, খলীফা হওয়ার আগে হযরত আবু বকর কাপড়ের যে ব্যবসা করতেন, তা এখনও ছাড়েননি। উমার বললেন, “ব্যবসায় মগ্ন থাকলে খিলাফাতের কাজ চলবে কেমন করেক?”
হযরত আবু বকর বললেন, “ব্যবসা না করলে পরিবার-পরিজনদের ভরণ পোষণ করব কি দিয়ে?” উত্তরে হযরত উমার বললেন, “বাইতুল মালের খাজাঞ্চি আবু উবাইদার কাছে চলুন, তিনি আপনার জন্য ইকটা বাতা নির্দিষ্ট করে দেবেন”, বলে হযরত আবুবকাকে টেনে নিয়ে আবু উবাইদার কাছে গেলেন।
আলোচনার পর অন্যান্য মুহাজিরকে হরে ভাতা দেয়া হয় সে পরিমাণের একটি ভাতা খলীফা হযরত আবু বকরের জন্য নির্দিষ্ট হলো। ভাতা নির্দিষ্ট হবার পর খলীফা এ কথাটি জনসাধারণ্যে প্রকাশ করার প্রয়োজন মনে করলেন।
তিনি মদীনায় সকল লোককে ডেকে বললেন, “তোমরা জান যে, ব্যবসা দ্বারা আমি জীবিকা নির্বাহ করতাম। এখন তোমাদের খলীফা হবার ফলে সারাটা দিনই খিলাফতের কাজে ব্যস্ত থাকতে হয়, ব্যবসা দেখাশুনা করতে পারিনা। সে জন্য বাইতুল মাল থেকে আমাকে ভাতা নির্দিষ্ট করে দেয়া হয়েছে।”
হযরত আবু বকর (রা) বেঁচে থাকার প্রয়োপজনে যেটুকু ভাতা গ্রহণ করতেন, জনসাধারণের কাছ থেকে এই ভাবে তা তিনি নঞ্জুর করিয়ে নিলেন। মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি হযরত আয়িশাকে (রা) বললে, “আমার মৃত্যুর পর আমর প্রয়োজনার্থে আনা বাইতুল মালের যাবতীয় জিনিস আমার পরবর্তী খলীফার নিকট পাঠিয়ে দিও।”
তাঁর মৃত্যুর পর কোন টাকা পয়সাই তাঁর কাছে পাওয়া যায়নি। মাত্র একটি দুগ্ধবতী উট, একটি পেয়ালা, একটি চাদর ও একটি বিছানাই তাঁর সম্পদ ছিল। এ জিনিসগুলো মৃত খলীফার নির্দেশ মুতাবিক খলীফা উমারের (রা) কাছে পাঠিয়ে দেয়া হলো। এসব দেখে খলীফা উমার (রা) অশ্রুসজল চোখে বললেন, “আল্লাহ আবুবকরের উপর রহম করুন। তিনি তাঁর পরবর্তী খলীফাদের বড় মুস্কিলে ফেলে গেলেন।’




