রাজধানীতে এপ্রিলে নামছে নতুন বাস
আগামী এপ্রিল মাসে রাজধানীতে নতুন বাস নামছে। এসি এবং নন-এসি দুই ধরনের বাসই নামানো হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাতেই এ বাস পরিচালনা করা হবে। এ কারণে নতুন করে আর কোন বাস রুটের অনুমতি দেয়া হচ্ছে না।শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কমিটির আহবায়ক ও মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ তথ্য জানান।
মেয়র বলেন, জাতীয় নির্বাচনের কারণে রাজধানীর বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কাজ দুই-তিন মাস পিছিয়ে গেছে। তবে আমরা কাজ করছি। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার পরিবর্তনের সূচনা হবে। আর আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে ইতিবাচক পরিবর্তন ঘটবে।
তিনি বলেন, এপ্রিল-জুনে প্রাথমিকবভাবে কিছু এসি বাস এবং সুসজ্জিত উন্নতমানের কিছু বাস নামানো হবে। সরকারি এবং বেসরকারি দুটি ব্যবস্থাপনাতেই এ বাস নামানো হবে। এ সময় ঢাকায় নতুন করে কোন বাস রুটের অনুমতি দেয়া হবে না। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কমিটি (বিআরটিসি) যদি একান্তই কোনো রুট পারমিটের প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কমিটির সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
মেয়র বলেন, আমরা যেকোন মূল্যে সড়ক নিরাপদ করতে চায়। আর কোন মায়ের বুক খালি হতে দিতে চায়না। আগামী তিন-চার দিনের মধ্যেই রিমোট কন্ট্রোল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে সাঈদ খোকন বলেন, ইতোমধ্যে আমরা দশটি পয়েন্টে এ ব্যবস্থা চালু করে সফলতা পেয়েছি। এখন এটি দেখভাল করবে ট্রাফিক পুলিশ।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে মেয়র সাঈদ খোকনকে আহবায়ক করে গত বছরের ৯ সেপ্টেম্বর ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শনিবারের সভায় কমিটিতে বাস মালিক সমিতির আরো দুজন সদস্যকে সংযুক্ত করা হয়েছে। কমিটিতে ডিএনসিসির মেয়রকে যুগ্ম-আহ্বায়ক এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অন্য সদস্যরা হলেন- বিআরটিএ চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মরহুম আনিসুল হক রাজধানীর সড়কের শৃংখলা ফেরাতে সব বাসকে রং করে মাত্র পাঁচ-ছয়টি রুটে পরিচালনার ধারণা দেন। কিন্তু এটি বাস্তবায়নের আগেই ইন্তেকাল করেন তিনি। এরপর এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় মেয়র সাঈদ খোকনকে। সূত্র: নয়া দিগন্ত




