270496

নাগরিকদের প্রতি যে বিশেষ অনুরোধ আতিকুলের

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিকের তৈরি যে কোনো ধরনের পানির বোতল রাস্তায় ছুঁড়ে না ফেলে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ফেলতে নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।শনিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসি নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে এ অনুরোধ জানান।

আতিকুল বলেন, নির্দিষ্ট স্থানে প্লাস্টিকের বোতল ফেলুন, আপনাদের এতটুকু সচেতনতাই দেখবেন বর্ষাকালীন জলাবদ্ধতা হ্রাস পাবে। এরকম ছোট ছোট নাগরিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আমরা সবাই মিলে ছিনিয়ে আনতে পারি বড় বড় অর্জন। তিনি বলেন, ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনাদেরও। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা এই নগরীর প্রাপ্য। আমি বিশ্বাস করি, আমরা সবাই যে যার জায়গা থেকে আমাদের ন্যুনতম করণীয়টা যদি করে যাই, তাহলে আমরা পাব সত্যিকার অর্থে আমাদের অতিকাঙ্খিত আধুনিক, গতিময় এবং প্রগতিশীল নগরী।

নবনির্বাচিত এইনগরপিতা আরও বলেন, নতুন ১৮ ওয়ার্ডের সংযুক্তিতে উত্তর ঢাকা সিটি আজ আকারে হয়েছে দ্বিগুনেরও বেশি। উন্নয়ন সম্ভাবনার হাতছানিতে আমাদের কাজ করার অনুপ্রেরণা পেয়েছে নতুন মাত্রা। ছোট ছোট লক্ষ্য পূরণ না হলে বড় লক্ষ্যগুলো রয়ে যাবে নাগালের বাইরেই। মেয়র আতিকুল জানান, স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী -এই তিন ভাগে ভাগ করে ডিএনসিসিতে উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বল্প মেয়াদী উন্নয়নের লক্ষ্যে একটি বিশাল ব্যয়বহুল পরিকল্পনা প্রস্তাব ইতোমধ্যে একনেক সভায় প্রাথমিক অনুমোদন পেয়েছে। আগামী এক বছরের মধ্যেই স্বল্প মেয়াদী লক্ষ্যগুলো বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ডিএনসিসিকে আলোকিত ঢাকায় পরিণত করা, প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ‘নগর অ্যাপস’ সক্রিয় করা, কর ও লেনদেনের ডিজিটালাইজেশন ও অটোমেশন, বৃক্ষরোপন ও নগর বনায়ন, নাগরিকদের কাছে ফুটপাত ফিরিয়ে দেয়া, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো ইত্যাদি লক্ষ্য আতিকুল ইসলামের নগর উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভুক্ত। এছাড়া ১৮টি নতুন ওয়ার্ডের জন্য আরও নতুন কিছু বিশেষ পরিকল্পনা নেওয়ার কথাও জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

ad

পাঠকের মতামত