ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব গাউসুল আজম হজরত আবদুল কাদের জিলানী (র:)
ইসলাম ডেস্ক।। ১ রমজান ৪৭১ হিজরিতে ইরাকের অন্তর্গত জিলান জেলার কাসপিয়ান সমুদ্র উপকূলের নাইদ নামক স্থানে বড়পীর হজরত আবদুল কাদের জিলানী (র.) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হজরত আবু সালেহ মুছা জঙ্গি (র.) ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা (র.)। স্রষ্টার চূড়ান্ত দীদার লাভের উদ্দেশ্যে ১১ রবিউস সানি ৫৬১ হিজরি রোজ সোমবার ইহজগৎ ত্যাগ করেন। বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তাঁর মাজার শরিফ রয়েছে। গাউসুল আজম বড়পীর হিসেবে তিনি সবার কাছে পরিচিত—
গাউসুল আজম আবদুল কাদের জিলানীকে (র.) একদা এক ব্যক্তি প্রশ্ন করল, ফকির সম্পর্কে। জবাবে তিনি বললেন, ফকির শব্দের ‘ফে’ হরফ বলে যে, তুমি মহান আল্লাহর ইচ্ছার ওপর নিজেকে ফানা করে দাও এবং আল্লাহ ব্যতীত যাবতীয় সৃষ্ট বিষয়বস্তু হতে হৃদয়কে মুক্ত করে ফেল। ‘ক্বাফ’ হরফ বলে যে, তোমার কলবকে আল্লাহ-প্রেমের শক্তি দ্বারা মজবুত কর এবং তার সন্তুষ্টিতেই সদাসর্বদা নিয়োজিত থাক। ‘ইয়া’ বলে যে, প্রত্যাশা আল্লাহরই নিকট কর এবং তাঁরই অবলম্বন এবং লোভ-লালসা, কামনা-বাসনা প্রভৃতি হীন প্রবৃত্তি হতে নিজেকে মুক্ত করে আল্লাহর দিকে রুজু কর।
গাউসুল আজম আবদুল কাদের জিলানী (র.) হলেন ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসেবে সুবিদিত। এ কারণে তাঁকে ‘গাউসুল আজম’ হিসেবে আখ্যায়িত করা হয়। তাকে ‘বড়পীর হজরত আবদুল কাদের জিলানী (র.)’ নামেও অভিহিত করা হয়। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর, ইরাকের অন্তর্গত ‘জিলান’ নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসেবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাকে সম্বোধন করা হয়। আবদুল কাদের জিলানী (র.) হিজরি ৪৭১ সনের রমজান মাসের ১ তারিখে ইরাকের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবু সালেহ মুছা জঙ্গি এবং মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা। তাঁর মাতা ছিলেন হাসান ইবনে আলীর বংশধর সৈয়দ আবদুল্লাহ সাওমেয়ির কন্যা।
কথিত আছে যে, ভূমিষ্ঠ হয়েই রোজা রাখেন গাউসুল আজম আবদুল কাদের জিলানী (র.)। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জিলানবাসীর কেউ রমজানের চাঁদ দেখতে পায়নি। সবাই রোজা রাখা না রাখার বিষয় নিয়ে সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এমতাবস্থায় রাতের শেষাংশে সুবহে সাদেকের আগে অর্থাৎ ১ রমজান পৃথিবীতে আসেন হজরত আবদুল কাদের জিলানী (র.)। শিশু আবদুল কাদের জিলানী (র.) জন্মের পর সুবহে সাদেকের আগ পর্যন্ত দুধ ও মধু পান করেন। কিন্তু সুবহে সাদেকের পর তাকে আর কিছু খাওয়ানো যায়নি। এ আশ্চর্যজনক খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। সবাই বুঝতে পারে মাহে রমজান শুরু হয়েছে।
অনেকেই বলে থাকেন নবীজিকে স্বপ্নে দেখেছিলেন গাউসুল আজম আবদুল কাদের জিলানী (র.)। ৫২১ হিজরির ১৬ শাওয়াল রোজ মঙ্গলবার রসুল (সা.) স্বপ্নযোগে গাউসুল আজম আবদুল কাদের জিলানীকে (র.) বলেন, হে আবদুল কাদের! তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছ না। মানুষকে কেন বঞ্চিত করছ। আবদুল কাদের (র.) বলেন, আমি রসুল (সা.) ও আলীর (রা.) আওলাদ। আমি তো আরবি জানি না। যদি ইরাকের লোকজন তিরস্কার করেন।
তাত্ক্ষণিক রসুল (সা.) বলেন, আবদুল কাদের তুমি মুখ খোল। রসুল (সা.) কিছু একটা পড়ে ৬ বার মুখের মধ্যে ফুঁক দিলেন এবং রসুল (সা.)-এর মুখের লালা আবদুল কাদের জিলানীর মুখে লাগিয়ে দিলেন। অতঃপর বললেন, মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর পথে পরিচালিত কর।
সে সময় ইরাক শিক্ষা-দীক্ষা ও ব্যবসা-বাণিজ্যে খুব উন্নত ছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়াশোনা ও ব্যবসার জন্য মানুষ বাগদাদ আসত। পড়াশোনার উদ্দেশ্যে হজরত আবদুল কাদের জিলানী (র.) ব্যবসায়িক কাফেলার সঙ্গে বাগদাদ যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। তার মা সব সময় সত্যি কথা বলার নির্দেশ দিয়েছিলেন, তাই তিনি ডাকাত দলের কাছে নিজের কাছে গচ্ছিত স্বর্ণ মুদ্রার কথা বলেন। ডাকাত সরদার আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক! তুমি তো মিথ্যা কথা বলে আমার কাছ থেকে স্বর্ণ মুদ্রা লুকাতে পারতে।
হজরত আবদুল কাদের জিলানী (র.) বললেন, মিথ্যা কথা বলতে আমার মা নিষেধ করেছেন। এ কথা শুনে ডাকাত সরদার বললেন, মায়ের আদেশ যুবক তুমি এভাবে পালন কর। নিশ্চয়ই তুমি আল্লাহর আদেশ আরও যত্নের সঙ্গে পালন কর। আর আমি ও অন্য ডাকাতরা তো আল্লাহর আদেশই পালন করি না। মায়ের কথা তো অনেক দূরের কথা। এই বলে ডাকাত সরদার আফসোস করতে থাকেন ও বলেন, হে বালক! তুমি সাধারণ কোনো মানুষ নও। তুমি আমাকে কলেমা পড়াও। ডাকাত সরদারের সঙ্গে আরও ৬০ জন অশ্বারোহী ডাকাত ছিলেন। সবাই একসঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে যান।
গাউসুল আজম আবদুল কাদের জিলানী (র.) একাধারে ৪০ বছর পর্যন্ত এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। তিনি প্রতি রাতের একটা সময় জিকির ও মোরাকাবা করে কাটাতেন।
যৌবনের অধিকাংশ সময় রোজা রেখে কাটিয়েছেন। যখন নফল নামাজ আদায় করতেন সূরা ফাতেহার পর সূরা আর রহমান, সূরা মুজাম্মিল কিংবা সূরা ইখলাস পড়তেন। তন্দ্রার ভাব এলে কোরআন তেলাওয়াত করতেন। বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন তিনি। কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। মানুষের অন্তরে আল্লাহ ও রসুল (সা.)-এর প্রতি ভালোবাসা তৈরি করেছিলেন।
সঠিক পথে চলার জন্য মানুষকে বিভিন্ন আমল বাতলিয়ে দিতেন। হজরত আবদুল কাদের জিলানী (র.) যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে যান তখন হজরত আবদুল কাদের জিলানীর (র.) ভক্ত-অনুসারীরা তাঁর আমল ও চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরীয়া তরিকা প্রবর্তন করেন। (চলবে)




