হযরত উমার (রা) ছেলের বিস্ময়কর বিয়ে
ইসলাম ডেস্ক।। মদিনার এক পল্লী। তখন রাত। খলীফা উমার(রা:) নাগরিকদের অবস্থা জানার জন্যে মদিনার রাস্তায় ঘুরেছিলেন হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধা ও তাঁর কন্যার কথোপকথন শুনে দাঁড়ালেন। কান পাতলেন তিনি। বৃদ্ধা মেয়েকে বলছেন, “মা, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না? তাহলে আমাদের অবস্থা আরও সচ্ছল হয়।” কন্যা তার উত্তরে বলল, “তা কি করে হয়, মা। খলীফার হুকুম, কেউ দুধে পানি মেশাতে পারবেনা।”
বৃদ্ধা বলল, “হোক না খলীফার আদেশ, কেউ তো আর দেখছে না।” কন্যা প্রতিবাদ করে বলল, “না মা তা হয় না। প্রত্যেক বিশ্বাসী মুসলমানদের কর্তব্য খলীফার আদেশ মেনে চলা। খলীফা না দেখতে পান কিন্তু আল্লাহ তো সর্বব্যাপী, তার চোখে ধুলো দেব কি করে?” খলীফা উমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন। খলীফা উমার(রা) বাড়িতে ফিরে এলেন। তিনি ঘটনাটা ভুলতে পারলেন না। ভাবলেন, অজানা ঐ মেয়েটিকে কি পুরস্কার দেয়া যায়। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন দরবারে এসে খলীফা সেই অজানা মেয়েটিকে ডাকলেন। আহুত হয়ে মা ও মেয়ে ভীতত্রস্ত কম্পিত পদে খলীফার দরবারে এসে উপস্থিত হলো। তারা উপস্থিত হলে খলীফা তাঁর পুত্রদের ডাকলেন।
পুত্রদের নিকট গত রাতের সমস্ত বিবরণ দিয়ে তিনি তাদের আহবান করে বললেন, “কে রাজি হবে এই কন্যাকে গ্রহণ করতে? এর চেয়ে উপযুক্ত কন্যা আর আমি খুঁজে পাইনি।” পুত্রদের একজন তৎক্ষণাৎ রাজি হলো। কন্যাও সম্মতি দিল। খলীফার ছেলের সাথে বিয়ে হয়ে গেল মেয়েটির।




