স্বামীর ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখার জবাব দিলেন স্ত্রী সানিয়া মির্জা
ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে উগ্রবাদী হামলার পরই ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন সানিয়া মির্জা। এমনকি, তার দেশাত্মবোধ নিয়েও প্রশ্ন উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই তাকে ‘পাকিস্তানের বউ’ বলে কটাক্ষ করেছিলেন।সমালোচনার ধাক্কা তাকে সজোরে আঘাত করেছিল। যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জবাবদিহি দিয়েছিলেন এই টেনিস সুন্দরী। বরফ তাতেও গলেনি। এরপরও একের পর এক সমালোচনার তীর ধেয়ে এসেছিল তার দিকে। এরপর থেকে বেশ কিছুদিন সানিয়া ভারত-পাক ইস্যু নিয়ে কার্যত চুপ ছিলেন।
পাকিস্তানের মাটিতে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করা হয়। পরে শান্তির পক্ষে অবস্থানের লক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাইলট অভিনন্দনকে শুক্রবার রাতেই তাকে ফিরিয়ে দেয়।এদিকে উইং কমান্ডার অভিনন্দনকে স্বাগত জানায় গোটা ভারতবাসী। আর এই ঘটনায় নিজের দেশাত্মবোধ জাহির করতে কার্পন্য করেননি সানিয়া মির্জা। আরও একবার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামাজিক যোগাযোগ মাধমে নিজের মতামত জানিয়ে দিয়ে সানিয়া পোস্ট করলেন।
অন্যদিকে, উইং কামন্ডার অভিনন্দন পাকিস্তানের মাটিতে আটক থাকাকালীনই সানিয়ার স্বামী পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখে টুইটারে পোস্ট করেছিলেন। উইং কমান্ডার পাকিস্তানের হাতে বন্দি অবস্থায় থাকাকালীন সানিয়া এই নিয়ে আর কিছুই বলেননি।
তবে অভিনন্দন ভারতে ফেরার পর আর আবেগ ধরে রাখতে পারলেন না সানিয়া। টুইটারে তিনি লিখলেন, ‘দেশের মাটিতে ফিরে আসায় আপনাকে স্বাগত। আপনিই আমাদের সত্যিকারের হিরো। গোটা দেশ আপনাকে সেলুট জানাচ্ছে। আর যে সাহসিকতার পরিচয় আপনি রাখলেন তার জন্য শ্রদ্ধা। জয় হিন্দ।’
২০১০ সালে পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন সানিয়া মির্জা। তারপর থেকে একাধিকবার তাকে সমালোচনার শিকার হতে হয়েছে। ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতি হলে নেটিজেনদের একাংশ একাধিকবার তাকে আক্রমণ করেছে। তবে সানিয়াও বারবার দেশের প্রতি নিজের আনুগত্যবোধের প্রমাণ রেখেছেন। সূত্র : জিনিউজ।




