সোমবার থেকে ফের ঝড়-বৃষ্টি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী সোমবার (৪ মার্চ) থেকে আবারও ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। যদিও পশ্চিমা লঘুচাপের প্রভাবে ফাল্গুনের মাঝামাঝি গত সপ্তাহের বেশির ভাগ সময় জুড়ে ছিল ঝড়-বৃষ্টির আধিপত্য।শনিবার (২ মার্চ) ঋতুরাজ বসন্তের প্রথম মাস ফাল্গুনের ১৮ তারিখ। সারাদেশের শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এর মাঝে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল অধিদফতর।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শনিবার জাগো নিউজকে বলেন, ‘আগামী ৪ মার্চ (সোমবার) থেকে বৃষ্টি হতে পারে। তবে তখন রংপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভবনা কম।
আর ৫ তারিখ (মঙ্গলবার) থেকে ঢাকাসহ প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা বা ঝড়ো হওয়াও থাকবে। তবে আবহাওয়া আবার দ্রুত ভালো হয়ে যাবে। আপাতত তাই দেখা যাচ্ছে।’এতদিন ধরে চলে আসা আবহাওয়ার প্যাটার্ন এই মৌসুমে পাল্টে যায় উল্লেখ করে এ আবহাওয়াবিদ বলেন, ‘এখন বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে, হঠাৎ অন্ধকার হয়ে যাবে। এই বাতাসকে কালবৈশাখী বলা যায়। মূলত উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়টা আসে। বৃষ্টি চলে যাওয়ার পর আবার সূযের দেখা মিলবে।’
তিনি আরও বলেন, ‘এটা (৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঝড়-বৃষ্টি) মূলত পশ্চিমা লঘুচাপের প্রভাবে হচ্ছে। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে ৫ তারিখে (মঙ্গলবার)। তবে রাজশাহী ও রংপুরের দিকে ঝড়-বৃষ্টি একটু কম হবে।’শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়। এতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে, শীত অনুভূত হতে থাকে। এটা এখনও অব্যাহত আছে।শনিবার সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩ ডিগ্রি, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।




