দেশে ফিরেছেন অভিনন্দন : কী বলছেন শাহরুখ-সানিয়া
পাকিস্তানে গ্রেফতার হওয়া ভারতের বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। সড়কপথে ওয়াগা সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন।তার এ প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা টুইটে লিখেন, ফিরে আসার জন্য ধন্যবাদ উইং কমান্ডার অভিনন্দন …। আপনি আমাদের নায়ক। আপনি যে সাহসিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তার জন্য পুরো দেশ আপনাকে স্যালুট জানাচ্ছে।
তার এই টুইটের কিছুক্ষণের মধ্যে নানা ধরনের মন্তব্যে ভরে উঠে টুইটার। এর মধ্যে কিছু টুইটে তার এ কথায় সহমত প্রকাশ করা হলেও অধিকাংশ টুইটই ছিল বিদ্বেষমূলক। সেগুলোতে তাকে পাকিস্তানি ভাবি বলে উল্লেখ করে কটাক্ষ করা হয়। পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিককে বিয়ে করায় ভারত-পাকিস্তানের মধ্যে যে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হলে সানিয়াকে পাকিস্তানের বউ, পাকিস্তানের ভাবি, পাকিস্তানের বউমা উল্লেখ করে কটাক্ষ করা হয়।
এদিকে অভিনন্দনের মুক্তিতে টুইট করে বলিউডের খ্যাতিমান অভিনেতা শাহরুখ খানও। তিনি বলেন, বাড়িতে ফিরে আসার চেয়ে ভালো কোনো অনুভূতি হতে পারে না। কারণ বাড়িই হচ্ছে ভালবাসা, আশা ও স্বপ্নের জায়গা। আপনার সাহসিকতা আমাদেরকে আরো শক্তিশালী করে তুলবে। আপনার প্রতি আমরা কৃতজ্ঞ।পাকিস্তানের সাথে ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে বিপাকে পড়েন এই দুই মুসলিম ব্যক্তিত্ব। যুদ্ধের পরিবর্তে শান্তির আহ্বান জানানোয় সানিয়ার দেশপ্রেম নিয়ে কথা ওঠে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে তেলেঙ্গনার বিজেপি বিধায়ক রাজা সিং।
অন্যদিকে এ ঘটনার জেরে ভারতের চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের বয়কটের ঘোষণা দেয়া হয়। এ সময় শাহরুখের নামে একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে বলা হয়, পাকিস্তানি শিল্পীদের বয়কট করা হলে ভারত ছাড়বেন শাহরুখ। এ ভুয়ার বার্তার প্রেক্ষিতে সমালোচনার মুখে পড়েন শাহরুখ।




