কাতার গালফ এক্সচেঞ্জ বাংলা ভাষাকে সম্মান জানিয়ে ওয়েবসাইটে বাংলা ভাষা সংযোজন
ডেস্ক রিপোর্ট।। বাংলা ভাষাকে সম্মান জানিয়ে এবং বাংলাদেশিদের সুবিধার্থে কাতার গালফ এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলা ভাষা সংযোজন করেছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাতারের আল লিউয়ান সুইটস হোটেলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং গালফ এক্সচেঞ্জের নেতৃবৃন্দ কেক কেটে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে বাংলা ভাষা সংযোজনের উদ্বোধন করেন।
কাতারে বসবাসরত প্রায় চার লাখেরও বেশি বাংলাদেশি ছাড়াও বাংলাদেশের পাশ্ববর্তী প্রতিবেশি দেশ ভারতের পশ্চিমবঙ্গের বহু মানুষ দেশটিতে বসবাস করেন। কাতারে বাংলা ভাষা-ভাষী সম্প্রদায়ের কাছে বাংলা ভাষায় সেবা দেওয়ার লক্ষ্যে গালফ এক্সচেঞ্জ বিএফকিউয়ের সহায়তায় বাংলা ভাষা তাদের ওয়েবসাইটে সংযোজন করেছে।
বিএফকিউর ভাইস প্রেসিডেন্ট এবং কাতার পেট্রোলিয়ামের সিনিয়র ম্যানেজার ড. রাশেদ নোমান বাংলা ভাষা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য গালফ এক্সচেঞ্জকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব, ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, গালফ এক্সচেঞ্জের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বিএফকিউকে ধন্যবাদ জানান।
তিনি বলেন ‘বহুভাষিক ওয়েবসাইটগুলি সাধারণ সচেতনতা এবং উচ্চতর গ্রাহক সন্তুষ্টিকে সহজতর করে এবং বাংলাদেশের শ্রমিকদের জন্য এটি অত্যন্ত মূল্যবান হবে এবং তাঁরা আরও ভালভাবে কাতারের আইন-কানুন ভালভাবে বুঝতে পারবে।’ গালফ এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক জাফর আলী জানান, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ওয়েবসাইট চালু করতে পেরে আমরা তারা প্রকাশ করছি। গ্রাহকের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য সংস্থাগুলিকে আরও ভালভাবে কাজ করতে হবে।’




