অভিনন্দনের ফেরার মুহূর্তের ভিডিও প্রকাশ (ভিডিও)
ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।ওয়াঘা সীমান্ত দিয়ে শুক্রবার (১ মার্চ) স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে অভিনন্দনকে পাকিস্তান ফিরিয়ে দেয়। ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে ফিরিয়ে দেওয়া উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়।অভিনন্দনকে স্বাগত জানাতে অনেক ভারতীয় সেখানে জড়ো হন। সাধারণ মানুষের পাশাপাশি ছিল সংবাদকর্মীদের প্রচণ্ড ভিড়। এর মধ্যেই সীমান্তের মূল ফটক দিয়ে বের হয়ে আসেন অভিনন্দন।
দেশের মাটিতে পা রাখার পরই অভিনন্দনকে অমৃতসর এয়ারবেসে নিয়ে যাওয়া হয়। সেখানেও এক প্রস্থ তাঁর মেডিক্যাল চেকআপ হয়। এ দিন সকালে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশন অভিনন্দনের মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কাজকর্মগুলো সেরে ফেলে। এবং সেই কাগজপত্র পাকিস্তানের হাতে তুলে দেয়। তার পরই ইসলামাবাদ থেকে সড়ক পথে লাহৌরে নিয়ে আসা হয় তাঁকে।
অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন সেনা ও এয়ারফোর্সের শীর্ষ আধিকারিকরা। ছেলেকে নিতে সকালেই সীমান্তে পৌঁছে গিয়েছিলেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।অভিনন্দনকে অভিনন্দন জানাতে সকাল থেকে ওয়াঘা-অটারী সীমান্তে হাজির হন কয়েকশো মানুষ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সীমান্ত এলাকা। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন কখন ফিরবে ঘরের ছেলে!
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার ভারত-পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করা হয়। সেই অধিবেশনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।




