270829

অভিনন্দনের সঙ্গে থাকা পিস্তল ফেরত দেয়নি পাকিস্তান!

গত ২৭ ফেব্রুয়ারি সকালে পাক বিমান তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে ভারতের মিগ বিমান। পাক সেনা বন্দি করে ভারতের উইং কমান্ডার অভিনন্দন ভার্তামানকে। তারপর ৫৫ ঘণ্টা চরম উৎকন্ঠায় কাটে ভারতের। অবশেষে শুক্রবার দেশে ফিরেছেন তিনি। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।পাকিস্তানের তরফে বলা হয়, অভিনন্দনের সব জিনিস তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে আদৌ তাঁকে সব ফেরৎ দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

মিগ বিমান থেকে পড়ে যাওয়ার পরও তাঁর হাতে ছিল পিস্তল। যেটি থেকে তিনি শূন্যে গুলি চালিয়েছিলেন বলেও জানা যায়। এছাড়া পাক সংবাদমাধ্যমেই দেখা যায়, তাঁর কাছে ছিল ম্যাপ ও অন্যান্য জিনিস। কিন্তু সবকিছু ফেরৎ দেওয়া হয়নি উইং কমান্ডারকে।কোন জিনিসপত্র অভিনন্দনের সঙ্গে ফেরৎ এসেছে, তার একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই হ্যান্ডিং বা টেকিং ওভার সার্টিফিকেটে দেখা যাচ্ছে, অভিনন্দনকে ফেরৎ দেওয়া হয়েছে আংটি, চশমা ও ঘড়ি। সেই তালিকায় নেই পিস্তল বা মানচিত্র। অভিনন্দন ফেরার সময় তাঁর হাতে কোনও ব্যাগও ছিল না। তিনি খালি হাতেই আসেন।

উল্লেখ্য ওই সার্টিফিকেটে তাঁকে ‘প্রিজনার অফ ওয়ার’ বা যুদ্ধবন্দি হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু ভারত তাঁকে কখনই যুদ্ধবন্দি বলছে না। ভারত জানিয়েছে, পাক বিমান তাড়া করতে গিয়েই অধিকৃত কাশ্মীরে চলে যান অভিনন্দন।

ad

পাঠকের মতামত