আর কত রক্ত ঝরবে: ওয়াসিম আকরাম
কাশ্মীর নিয়ে পাক-ভারত সীমান্তে যখন যুদ্ধের দামামা, তখন সৌহার্দের বার্তা পৌছে দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি দুদেশের শাসকদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, দুই প্রতিবেশী দেশের সীমান্তে আর কত রক্ত ঝরবে? ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় অন্তত ৪৪ সেনা নিহত হওয়ার পাল্টা হিসেবে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। গতকাল পাকিস্তান নিজ সীমান্তে ভারতের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত করে। পাল্টা আক্রমণ হিসেবে ভারতও একটি যুদ্ধবিমান ভূপাতিত করে।
দুই প্রতিবেশী দেশের এই যুদ্ধংদেহী মনোভাবের আগুনে ঘি ঢালছেন দুদেশের সেলিব্রেটিরাও। বীরেন্দ্রর শেহওয়াগ, গৌতম গম্ভীরসহ ভারতের কয়েকজন ক্রিকেটার এবং অভিনেত্রী তো সরাসরি পাকিস্তানে হামলার পক্ষে অবস্থান নিয়েছেন। এতে করে তারা নিজেদের দেশপ্রেমের জানান দিতে চাইছেন। পাকিস্তানের সেলিব্রেটিরাও কম যাচ্ছেন না। এর ব্যতিক্রম পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তার মতে, জঙ্গিবাদ ভারত ও পাকিস্তান দুই দেশেরই শত্রু। দুই দেশকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে বললেন তিনি।
With my heavy heart I appeal to yours, India,Pakistan is not your enemy, Your enemy is our enemy! How much more blood needs to be spilled before we realise we are both fighting the same battle.We need brothers in arm if we want to beat this war on terror #TogetherWeWin #NoToWar
— Wasim Akram (@wasimakramlive) February 27, 2019
বুধবার টুইটারে ওয়াসিম আকরাম ভারতের উদ্দেশ্যে লেখেন- ভারত ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই- ‘পাকিস্তান তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু আমাদেরও শত্রু! আমরা কেন বুঝতে পারছি না আমাদের লড়াই একই। এর আগে আর কত রক্ত ঝরবে? যুদ্ধে জঙ্গিদের পরাজিত করতে হলে দুই ভাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে।’ এর পর তিনি টুইটে হ্যাশট্যাগ টুগেদারউইউইন হ্যাশট্যাগ নোটুওয়ার লেখেন।
ওয়াসিম আকরামের এ টুইটটি ভাইরাল হয়ে গেছে। এতে লাইক দিয়েছেন ৩৬ হাজার ৬ মানুষ। আর ৮ হাজার ৯৯৬ জন ভিউয়ার্স টুইটটি পড়ছেন। ওয়াসিম আকরামের সতীর্থ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে ওয়াসিম আকরামের বার্তাও ঠিক একই। তিনি প্রতিবেশী দেশের সঙ্গে অযথা লড়াইয়ে না নেমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন ইমরান খানকে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইমরান খান নয়াদিল্লির কাছে আলোচনার বার্তা দেন। এই জটিল পরিস্থিতিতে শান্তির দূত হিসেবে আত্মপ্রকাশ করলেন সুইং কিং। প্রসঙ্গত ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পুলওয়ামায় সাম্প্রতিক জঙ্গি হামলার জেরে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা এবং হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে ঢুকে ভারত বিমান হামলা চালায় বলে দাবি করে। পর দিন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিমান হামলা চালায় পাকিস্তান।
কাশ্মীরের আকাশে ভারতের বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং এর দুই চালককে আটক করারও দাবি করেছে ইসলামাবাদ। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে ভারত। ভারত তার উত্তরের আকাশসীমার অংশবিশেষ বন্ধ করে দিয়েছে। আটক পাইলটের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। প্রথমে অস্বীকার করলেও পরে ভারত ওই পাইলটকে ফেরত চেয়েছে।




