আমরাই নিউজিল্যান্ডের পরিকল্পনা সফল করেছি: তামিম
স্পোর্টস ডেস্ক: টাইগারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে দেশসেরা ওপেনার তামিম ইকবাল বলেন, আমরা কিন্তু খুব ভালো বলে আউট হইনি। আপনি আমাদের আউটগুলো দেখলে বুঝতে পারবেন। আমাদের দ্রুত অলআউট করতে ওদের যে পরিকল্পনা ছিল, ওদের সেই পরিকল্পনা আমরাই সফল করেছি।হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবালের সেঞ্চুরির পরও ২৩৪ রানে অলআউট বাংলাদেশ দল। তামিম একাই করেছেন ১২৬ রান, বাকি ১০ জনের সংগ্রহ ১০৮।
টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে আশাজাগানো ব্যাটিং করে বাংলাদেশ দল। সেই আশাজাগা ব্যাটিংয়ের আভাস মিলে হ্যামিল্টন টেস্টে টাইগাদেরর ইনিংসের শুরুর দিকে। এক উইকেটে ১২১ রান করা বাংলাদেশ এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায়। এ ব্যাপারে তামিম বলেন, সত্যি কথা বলতে, এই ধরনের কন্ডিশনে আমাদের এমন শুরু পাওয়া স্বপ্নের মতো ব্যাপার। সাধারণ প্রথম দিনে, সবুজ উইকেটে, শুরুতেই ২-৩ উইকেট পড়ে যায় আমাদের। অনেকবার হয়েছে এমন। এত সুন্দর শুরুর পরও তা কাজে লাগাতে না পারা হতাশার।
তামিম আরও বলেন, এমন নয় যে আমি সেঞ্চুরি করেছি বলেই এমনটা বলছি। বাকি যারা আছে ড্রেসিংরুমে, সবাই হতাশ, কারণ এত ভালো শুরু হয়েছিল। নিউজিল্যান্ডের কন্ডিশনে সফল হতে হলে সব ব্যাটসম্যানদের পরিকল্পিত খেলা উচিত। এমনটি জানিয়ে তামিম বলেন, সব ব্যাটসম্যানেরই নিজের পরিকল্পনা থাকা উচিত। আমার মনে হয়, আমরা ভালো করতে করতে হুট করে ভুল করে ফেলেছি। ওয়েগনার কীভাবে বল করে, আমরা সবাই জানি। ওকে কীভাবে সামলাব, এটা পুরোই নিজের ব্যাপার। সূত্র: যুগান্তর




