পুলওয়ামা নিয়ে সিনেমা তৈরীর জন্যে বলিউডে কাড়াকাড়ি
আন্তর্জাতিক ডেস্ক: দেশপ্রেম। এ বড় কঠিন আবেগ। বাস্তবে হোক বা পর্দায়, দেশপ্রেমের আবেগে ভেসে যান অধিকাংশ মানুষ। এই আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলেন রাজনীতির কারবারিরা। আর পর্দায় দেশপ্রেমকে আছড়ে ফেলে বক্স অফিসে মুনাফা আদায় করে নেন পরিচালক-প্রযোজক।
সন্ত্রাস ইস্যু কিংবা পাকিস্তানের বিপক্ষে সংঘাত নিয়ে সিনেমা বানানোর চল বলিউডে নতুন নয়। সদ্য ঘটে যাওয়া পুলওয়ামার ঘটনা এবং তার পরবর্তীতে ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ছবি তৈরি করতে চান বহু পরিচালক। এজন্য পুলওয়ামা হামলার পর থেকে গত কয়েক দিনে ছবির নাম নথিভুক্ত করার লাইন পড়েছে বলিউডে।
কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। এই আবহে ‘পুলওয়ামা অ্যাটাক’ বা ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’ নামে ছবি তৈরি করলে তা ভাল ফল করবে, এমনটাই ধারণা করছেন সিনেমা বানাতে আগ্রহী পরিচালকরা। আর তাই, ওই ঘটনা নিয়ে ছবির নাম নথিভুক্ত করার লাইন পড়েছে। এখনও পর্যন্ত পাঁচটি প্রযোজনা সংস্থা ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস্ অ্যাসোসিয়েশন’ (ইম্পা)-এ গিয়ে এই সংক্রান্ত ছবির নাম নথিভুক্ত করেছেন বলে খবর দিয়েছে আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই এই সংক্রান্ত ১০টি নাম জমা পড়েছে। যে সব নাম নথিভুক্ত হচ্ছে, তার সব কটি নিয়ে ছবি নাও হতে পারে। সূত্র: আনন্দবাজার




