269479

সব জায়গাতেই ভোটারদের ‘প্রচণ্ড ভিড়’: স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ঢাকা সিটি নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। সব কেন্দ্রে ভোটারদের প্রচণ্ড ভিড় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।তিনি বলেছেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে এখন বাড়ছে। যেমন আমার নিজেরই ভোট দিতে সময় লাগলো আপনারা দেখেছেন তো। আবার যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটারদের অনেক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সব জায়গাতেই ভোটারদের প্রচণ্ড ভিড়।’

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর রাজধানী উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দেওয়া শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিইসি ঠিকই বলেছেন যে, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব তাদের না। তারা নির্বাচন আয়োজন করবেন মাত্র। ভোট দেয়ার ইচ্ছার মালিক ভোটাররা। তবে এর জন্য আমরা দায়ী নই। আমাদের সমর্থকেরা ভোট দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং পুরোটা সময় তেমনই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’ পাশাপাশি বিরোধী প্রার্থীদের কর্মী-সমর্থকদের কোন ধরনের বাধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।কামাল বলেন, ‘এখন পর্যন্ত বেশিরভাগ কেন্দ্র পরিদর্শনের সুযোগ হয়নি আমার। আবার সব কেন্দ্রের সার্বিক অবস্থার প্রতিবেদন এখনও পাইনি। তবে যতটুকু দেখেছি আর জেনেছি, তাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আর বিরোধীদের কথা বললে বলবো যে, আমার সঙ্গে এখন বিরোধী মার্কার (বাঘ) প্রার্থী শাহীন খান এখানেই উপস্থিত আছেন। তাহলে বাধা আসলো কোথায়?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। তারা জাতীয় নির্বাচনকে সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। আমি আশা করি আমাদের এই ঢাকা উত্তরের নির্বাচন, সামনে উপজেলা নির্বাচন আসছে, সবগুলো নির্বাচনই সুন্দরভাবে তারা উঠিয়ে দেবে ও মোকাবিলা করবে।’নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ তো সুন্দর ও সুষ্ঠু আছে। আপনারা তাকিয়ে দেখুন, কতো ভোটার ভোট দিচ্ছে। আমি যতটুকু দেখেছি সবগুলোই সুন্দর ও শান্তিপূর্ণভাবে হচ্ছে।’

ad

পাঠকের মতামত