শাকিবের ‘পাসওয়ার্ড’-এ ইমনের এন্ট্রি
বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘পাসওয়ার্ড’ এ নতুন চমক হিসেবে এন্ট্রি নিয়েছেন ইমন। ‘সম্রাট-দ্য কিং ইজ হেয়ার’ ছবির দীর্ঘদিন পর আবার তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ‘পাসওয়ার্ড’ শাকিবের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন ইমন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ইমন বলেন, ‘কিছুক্ষণ আগেই সবকিছু চূড়ান্ত হয়েছে। অনেক দিন পর শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করবো। আমি ভীষণ এক্সাইটেড। সিনেমায় আমার চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ’।
এদিকে ইমনের সঙ্গে অভিনয় প্রসঙ্গে শাকিব খান বলেন, সিনেমায় ইমনের চরিত্রটা অসাধারণ। সে যদি মনোযোগ দিয়ে কাজটি করতে পারে, তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। ছবিটিতে বুবলীর পাশাপাশি থাকছেন আরো একজন নায়িকা। তবে এখন পর্যন্ত কয়েকজন নায়িকার নাম শুনা গেলেও, ছবির সংশ্লিষ্টরা এটাকে চমক হিসেবেই রাখতে চাচ্ছেন।
‘পাসওয়ার্ড’ ছবি পরিচালনায় থাকছেন মাস্টার মেকার হিসেবে পরিচিত মালেক আফসারি। আগামীকাল (শুক্রবার) রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে শুরু হচ্ছে ছবিটির শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন বুবলী ও ইমন। আর শাকিব খান যোগ দেবেন আগামী ৫ মার্চ। সিনেমাটি প্রযোজনা করছেন মো. ইকবাল ও শাকিব খান নিজেই।




