পাকিস্তানকে অকুণ্ঠভাবে সমর্থন দিয়েছে তুরস্ক
হামলা-পাল্টা হামলায় এখন যুদ্ধের দামামা বেজে উঠছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এই পরিস্থিতিতে মুসলিম প্রধান পাকিস্তানকে অকুণ্ঠভাবে সমর্থন দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরেক মুসলিম দেশ তুরস্ক। দ্বিধাহীনভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশির সঙ্গে এক ফোনালাপে সহানুভূতি জানিয়ে তাদের সমর্থনের কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ জাইশ আওগালু। রেডিও পাকিস্তানের বরাতে এই খবর জানিয়েছে দ্য ডন।
ডনের খবরে বলা হয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু বলেছেন, আবুধাবিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশানের (ওআইসি) আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হলে তার বিরোধিতা করবে তুরস্ক।জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও তাকে ফোন করে বর্তমান পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান পাক পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। ওই ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে হামলা চালায় ভারতীয় যুদ্ধবিমান। এতে ভারত ৩০০ জন নিহতের দাবি করলেও পাকিস্তানের দাবি- এতে মাত্র ১ জন আহত হয়েছেন।
এ নিয়ে মঙ্গলবার দিনভর টান টান উত্তেজনার মধ্যেই দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গুলিবিনিময় হয়। রাতেও গোলাবিনিময় হয়। রাত পোহাতেই বুধবার (২৭ ফেব্রুয়ারি) বালাকোটে হামলার বদলা নেয় পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা পার হওয়া দুটি ভারতীয় যুদ্ধবিমান তারা গুলি করে ভূপাতিত করেছে। আটক করেছে এক পাইলটকে। এছাড়াও ভারতের জম্মু-কাশ্মীরে ভারতের বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন দুই পাইলট। পাল্টাপাল্টি হামলার কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরমে।




