নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি সচিব
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ করে ভোট পড়তে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।আজ বৃহস্পতিবার বিকেলে এ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।
কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ঢাকার দুই সিটির সবগুলো কেন্দ্র মিলে অনুমান করছি ৫০ শতাংশ ভোট পড়তে পারে। তবে এটা এখনো হিসেব করিনি। শুধুমাত্র অনুমান করছি।’ হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। কোনো কেন্দ্র স্থগিতও হয়নি।’ ১ মার্চ ভোটার দিবসের বিষয়ে হেলালুদ্দীন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আগামীকাল জাতীয় ভোটার দিবস পালিত হবে। এই উপলক্ষে সারা দেশে আমরা এটা পালন করার জন্য উদ্যোগ নিয়েছি। কেন্দ্রীয়ভাবে আমরা নির্বাচন কমিশনেও দিবস পালনের জন্য কর্মসূচি হাতে নিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের কাজ আনুষ্ঠানিক ভাবে আগামীকাল থেকে শুরু হবে। কাল নতুন ছয় জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই কার্যক্রম শুরু হবে। তবে পুরো মার্চ মাস জুড়ে উপজেলা নির্বাচনের জন্য এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় এই হালনাগাদের কাজ শুরু হবে।’




