269131

বাংলাদেশসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুষমার ফোনালাপ

পাকিস্তানর অভ্যন্তরে মঙ্গলবার ভোরে বিমান হামলার পরপরই এ নিয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত দাবি করেছে, জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘাঁটিই ছিল তাদের হামলার লক্ষ্য।গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামাতে ভারতীয় সেনাদের কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার প্রেক্ষিতে পাকিস্তানের আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। ওই হামলায় কমপক্ষে ৪৪ ভারতীয় আধা সামরিক সেনা ‍নিহত হয়েছিল।

ভারতীয় সরকারি সূত্রগুলোর ভাষ্য, ফোনালাপে সুষমা স্বরাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন, কেন ভারতকে এই হামলা চালাতে হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, ভারত শুধুমাত্র জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিকেই লক্ষ্য বানিয়েছে।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে তিনি বলেছেন, প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা থেকেই ভারত ওই বিমান হামলা চালিয়েছে।বাংলাদেশ, সিঙ্গাপুর ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদেরও তিনি জইশ ই মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালানোর বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন। তবে এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি।

এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে।ভারত সরকারের সংশ্লিষ্ট সূত্রটি দেশটির সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, সুষমা স্বরাজ ভারতের বিরোধী দলের নেতাদেরও হামলার বিষয়ে অবহিত করেছেন।সর্বদলীয় এক আলোচনা সভার পর সুষমা স্বরাজ জানিয়েছেন, দেশটির সবগুলো রাজনৈতিক দল সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে ও সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছে।

ad

পাঠকের মতামত