ভদ্রতাকে যেন দুর্বলতা ভাবা না হয়, পাকিস্তানের উদ্দেশে টেন্ডুলকার
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কাশ্মীর হামলার কড়া জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একাধিক ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বিমানবাহিনী। মঙ্গলবার ভোরে ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান হাজার কেজি বোমা নিক্ষেপ করে এসব ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করে।এতে ৩০০ পাক জঙ্গি নিহত হওয়ার দাবি করছে ভারত। তবে অস্বীকার করছে পাকিস্তান। অনেকে একে ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’ বলেও অ্যাখ্যা দিয়েছেন। ভারতীয় সেনাদের প্রশংসায় পঞ্চমুখ দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ব্যতিক্রম নন, ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। তিনিও বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া টুইটার।
এই ঘটনার প্রতিক্রিয়ায় টুইটবার্তায় লিটল মাস্টার লিখেছেন, আমাদের ভদ্রতাকে যেন কখনই দুর্বলতা মনে করা না হয়। আমি বিমানবাহিনীকে স্যালুট জানাচ্ছি।এর আগে ভারতীয় সেনাদের প্রশংসা করেন বীরেন্দ্র শেবাগ। তিনি বলেন, ছেলেরা দারুণ খেলেছে। গৌতম গম্ভীর জানিয়েছেন, জয় হিন্দ, আইএএফ। যুজবেন্দ্র চাহাল লেখেন, ভারতীয় বিমানবাহিনী, খুব কঠিন, খুব কঠিন।শিখর ধাওয়ান লেখেছেন, আমি বিমানবাহিনীর যোদ্ধাদের সাহস ও সময়োচিত শিক্ষা দেয়ার জন্য সেলাম জানাচ্ছি। আজিঙ্কা রাহানে লেখেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অত্যন্ত জরুরি বার্তা দিয়েছেন আকাশ প্রহরীরা। তোমাদের জন্য আমরা গর্বিত।
গেল ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ৪০ সিআরপিএফ সদস্য নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানে ঘাঁটি গড়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। বর্বর এই ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ইতিহাসের তলানিতে ঠেকেছে।বিশেষ করে তীব্র প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে। পিএসএল সম্প্রচারের দায়িত্ব ছেড়ে দিয়েছে ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠান আইএমজি-রিলায়েন্স। ভারতের ইতিহাস বিজড়িত স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা হচ্ছে।আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের দাবি উঠেছে। শুধু তাই নয়, বিশ্ব ক্রিকেট থেকে পাকদের নিশ্চিহ্ন করে দেয়ার ফন্দি আঁটছে ভারতীয়রা।




