আসিফ ‘অসুস্থ’, মামলার হাজিরা দেবেন আইনজীবী
বিনোদন ডেস্ক।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্লী আসিফ আকবরের আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১ এপ্রিল মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আজ মামলাটিতে আসিফ আকবর আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন। ওই সময় আসিফ কণ্ঠশিল্পী হিসেবে ব্যস্ততা এবং অসুস্থতা বিবেচনায় মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত ধার্য তারিখে তার অনুপস্থিতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
অন্যদিকে আজ মামলার পুলিশ প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা দাখিল না হওয়ায় আদালত ১ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন। ২০১৮ সালের ৬ জুন মামলাটিতে আসিফকে কারাগারে পাঠান আদালত। পাঁচ দিন কারাভোগের পর ওই বছর ১১ জুন আদালত তার জামিন মঞ্জুর করলে ওইদিনই তিনি মুক্তি পান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা তেজগাঁও থানার মামলায় গত ৫ জুন দিবাগত রাত দেড়টার দিকে গ্রেপ্তার হন আসিফ আকবর। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে মগবাজারে তার অফিস থেকে গ্রেপ্তার করে। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১ জুন রাত ৯টার দিকে একটি চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের মোট ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। ঘটনা জানার পর বাদী গত ২ জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। তার সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন।
পরের দিন রাত ১০টার দিকে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, ‘শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন।’ আসিফের এই বক্তব্যের পর তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেন। আসিফের লাইভ লাখ লাখ মানুষ দেখেছে। তিনি উসকানি দিয়েছেন। শফিক তুহিনের মানহানি হয়েছে।




