268368

সিমলার সঙ্গেই মরতে চেয়েছিলেন পলাশ!

নিউজ ডেস্ক।।  রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাই চেষ্টার ঘটনা এখন আলোচনায়। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়ায় সবখানে এই আলোচনা। প্রায় দুই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে রোববার রাতে বিমান ছিনতাই ঘটনার অবসান হয়। কমান্ডো অভিযানে নিহত হন কথিত ছিনতাইকারী মাহাদী ওরফে পলাশ মাহমুদ। পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরিজপুরের দুধঘাটা গ্রামে। পলাশের ফেসবুক অ্যাকাউন্টের নাম মাহিবি জাহান। সেখানে পেশা হিসেবে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ইনফরমেশন টেকনোলজি বিজনেস এনালিস্ট হিসেবে পরিচয় লিখেছেন।

শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছেন। বসবাস যুক্তরাজ্যের গ্লাসকোতে। তবে পলাশকে ছোটবেলা থেকে ‘অবাধ্য ছেলে’ উল্লেখ করে বাবা পিয়ার জাহান সর্দার জানান, পলাশ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি। স্থানীয় তাহেরপুর আলিম মাদ্রাসা থেকে ২০১২ সালে দাখিল পাস করার পর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। এরপর আর পড়াশোনা এগোয়নি। পলাশ মাহমুদের ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাস দিয়েছেন রোববার, দুপুর ১টা ৩ মিনিটে। তাতে লেখা, ‘ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে।’ তবে, কার প্রতি তার এত ঘৃণা তার নাম উল্লেখ করেননি।

এর আগের পোস্ট ২৫ জানুয়ারি, জাস্ট সি ইউ সুন। সেখানে ঢাকায় ছবির জাতীয় পুরস্কার বিজয়ী নায়িকা শিমলাকে নিয়ে একটি হৃদয়স্পর্শী বিরহের গানের ভিডিও তৈরি করে আপলোড করেছেন তিনি। সর্বশেষ পোস্টে কার প্রতি ঘৃণা বোঝা না গেলেও পূর্বের পোস্টগুলো দেখে ধারণা করা যায়, পোস্টটিও পলাশ চিত্রনায়িতা শিমলাকে নিয়েই দিয়েছেন। পলাশের ফেসবুকে নায়িকা সিমলার সঙ্গে অসংখ্য অন্তরঙ্গ ছবি রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা বিবাহিত।

২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম বিবাহবার্ষিকীতে ফেসবুকে সিমলার সঙ্গে তোলা ছবি দিয়ে পলাশ লেখেন, ‘এ হচ্ছে আমার বউ যে আমার হাজার ভুলের মাঝে, আমাকে সহ্য করে পার করে দিল একটি বছর। দোয়া করবেন যাতে সারাটা জীবন এ পাগলিটা আমি এক সাথে থেকে যেন মরতে পারি। বউ অনেক ভালোবাসি তোমায় আর কষ্ট দেব না। শুভ বিবাহবার্ষিকী আদরের পুতুল বউ আমার। আই লাভ ইউ লট মোর দেন মাইসেলফ!’

এর আগে গত ২৫ জানুয়ারি বিকেল ৩টা ১৫মিনিটে পলাশ মাহমুদের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে আপলোড করা হয়। যেখানে নায়িকা শিমলা ও পলাশের অনেক ঘনিষ্ট ছবি দিয়ে বিরহের গানের ভিডিওটি তৈরি করা হয়েছে। গানটি তিনি নিজের কণ্ঠে গেয়েছেন এবং গানের ক্যাপশন হিসেবে ইংরেজিতে লেখা হয়েছে ‘জাস্ট সি ইউ সুন’।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪২ জন যাত্রী ও পাঁচ ক্রু নিয়ে দুবাই যাচ্ছিল। বিমানটি ১৫ হাজার ফুট উপরে ওঠার পর বিমানের যাত্রী সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পিয়ার জাহানের ছেলে কথিত মাহাদী ওরফে পলাশ মাহমুদ একটি পিস্তল দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন।

এ সময় পাইলট বিমানটিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। এরপর প্রায় দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর কমান্ডো অভিযানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমান ছিনতাই ঘটনার অবসান ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাহাদীর (পলাশ) হাতে খেলনা পিস্তল ছিল। অভিযানের সময় গোলাগুলিতে তার মৃত্যু হয়। উৎস: পরিবর্তন।

ad

পাঠকের মতামত