268456

যেভাবে সিমলার সঙ্গে পলাশের পরিচয় (ভিডিও)

বিনোদন ডেস্ক।। চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় নিহত পলাশ আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা। ঢাকার সোনারগাঁওয়ের বাসিন্দা পলাশ এইচএসসি পাস না করেই ঢাকায় চলে আসেন। এরপর ধীরে ধীরে যুক্ত হন চলচ্চিত্র অঙ্গনের অনেকের সঙ্গে। নিহত পলাশের বাবা পিয়ার জাহান সরদার আজ সোমবার আমাদের সময়কে জানান, পলাশ তার অবাধ্য সন্তান ছিল। উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল তার। ঢাকায় গিয়ে নাচ-গান থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পে জড়িয়ে পড়েন তিনি। ‘কবর’ নামে একটি নাটক ও বেশ কয়েকটি গানের অ্যালবামও বের করে পলাশ। ওই সময়ই নায়িকা সিমলার সঙ্গে পলাশের পরিচয় হয়।

পিয়ার জাহান জানান, প্রায় ৮ মাস আগে সিমলার সঙ্গে বিয়ে হয় পলাশের। এর আগে সিমলাকে নিয়ে গ্রামের বাড়িতে যান পলাশ। মাস খানেকে ব্যবধানে দ্বিতীয়বার সিমলাকে নিয়ে গ্রামে যান তিনি। ওই সময় পলাশ-সিমলা দুজনেই তাদের বিয়ের কথা স্বীকার করেন। বিয়ে প্রসঙ্গে পিয়ার জাহান সরদার বলেন, ‘দ্বিতীয়বার যখন ওরা গ্রামে আসে, তখন আমি সিমলাকে বলেছি, “তোমার সঙ্গে আমার ছেলের বয়সের এত ব্যবধান, তারপরও আমার ছেলেটাকে তুমি কীভাবে বিয়ে করেছ? বিয়ে যেহেতু করেই ফেলেছ, আমার ছেলেটা যাতে ভালো হয়ে যায়, সে খেয়াল রেখ”।’

তবে সিমলা আজ দাবি করেন, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পলাশের সঙ্গে তার প্রথমবার দেখা হয়। একজন চলচ্চিত্র পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয় হয়। এরপর সম্পর্কে জড়িয়ে যান তারা। ২০১৮ সালের ৩ মার্চ বিয়ে হয় তাদের। ওই বছরের ৬ নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এর আগে, ২০১৪ সালে মেঘলা নামের এক মেয়েকে বিয়ে করেন পলাশ। ওই সংসারে আড়াই বছর বয়সী আয়ান নামের একটি সন্তানও আছে।

২০১১ সালে ঢাকার সোনারগাঁওয়ের স্থানীয় তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করেন পলাশ। পরে সোনারগাঁ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও প্রথম বর্ষের পর আর পড়াশোনা করেননি। গত সাত বছর আগে বিদেশ থেকে স্থায়ীভাবে দেশে চলে আসেন পলাশের বাবা। এলাকায় তিনি একটি মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন।

গতকাল রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাই চেষ্টাকারী’ নিহত হয়।

https://www.facebook.com/banglaline24/videos/1195250433969194/

ad

পাঠকের মতামত