এক হাজার পাউন্ড ওজনের বোমা ফেলছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় বিমানবাহিনী। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, মিরাজ-২০০০ জঙ্গিবিমান ব্যবহার করে লেজার গাইডেড এক হাজার পাউন্ডের বোমা সেখানে ফেলা হচ্ছে।ইসরাইলি প্রযুক্তি দিয়ে এই লেজার গাইডেড বোমা তৈরি করা হয়েছে। যার প্রথম ব্যবহার হয়েছিলো কারগিলে।এদিকে ভারতীয় বিমানের সীমান্তের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান যথাযথ জবাব দেয়ার অধিকার রাখে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরাইশি।
এর পরপরই ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কানাচক সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্স।অন্যদিকে পরিস্থিতি পর্যালোচনা করতে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইমরান খান নিজেদের সরকারি বাসভবনে নিরাপত্তা বৈঠকে বসেছেন।বিশ্লেষকরা বলছেন, এ হামলা বড় ধরনের সংঘাতে রুপ নিতে পারে।
ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা বলেন, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে এই হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের দৃঢ় সংকল্পেরই প্রকাশ পেয়েছে।নয়াদিল্লির অভিযোগ, ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধে বিদ্রোহীদের ব্যবহার করছে পাকিস্তান।ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান বিজয় কুমার সিং বলেন, তারা (পাকিস্তান) বলছে- হাজারটা সমস্যা দিয়ে তারা ভারতকে ভোগাবে। কিন্তু আমরা বলছি, প্রতিটা সময় যখন আমাদের ওপর আপনারা হামলা চালাবেন, তখন নিশ্চিত থাকবেন যে কঠোর থেকে কঠোরতরভাবে পাল্টা আঘাত দেয়া হবে।




